ফেসবুকের মাধ্যমে অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলাভজনক সংস্থার ফেসবুক ফ্যানপেজে এবার যুক্ত হচ্ছে নতুন বোতাম। এই বোতাম হলো অনুদানের। বিশেষ করে ফেসবুকের মাধ্যমেই যাতে এসব সংস্থাকে ব্যবহারকারীরা সহায়তা করতে পারেন, সে জন্যই চালু হয়েছে ‘ডোনেট নাউ’ নামের এই বোতাম। এর ফলে ব্যবহারকারীরা অলাভজনক সংস্থাগুলোকে ফেসবুকের মাধ্যমে অনুদান হিসাবে অর্থ দিতে পারবেন।
সোমবার এই সুবিধাটি যুক্ত করার ঘোষণা দিয়ে ফেসবুকের একজন মুখপাত্র বলেন, প্রতিদিন অনেক মানুষ বিভিন্ন বিষয়ে মানুষকে সচেতন করতে এবং তাঁদের সমর্থন পেতে ফেসবুক ব্যবহার করেন। তাঁরা অন্যদেরও উদ্বুদ্ধ করেন। তাঁদের জন্যই এই ‘ডোনেট নাউ’ সুবিধা।
ফেসবুক এর আগে ২০১৩ সালের ডিসেম্বর মাসে ‘ডোনেট’ বাটন চালু করেছিল। তখন শুধু ইউনিসেফ, রেডক্রস এবং ডোনারসচুজসহ সুনির্দিষ্ট কিছু দাতব্য সংস্থাকে দান করার জন্য ওই বাটন সংযুক্ত করা হয়েছিল। এখন সুনির্দিষ্ট কিছু সংস্থা নয়, সব অলাভজনক ও দাতব্য সংস্থাকে এই বাটন ক্লিক করে অর্থ দান করা যাবে।
ইএন গেজেট ও ম্যাশেবল অবলম্বনে রোকেয়া রহমান