ফেসবুকের মাধ্যমে সত্যিকার উপহার!
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক এবার চালু করল সত্যিকারের উপহার দেওয়ার সুবিধা। শুধু তথ্য বিনিময় কিংবা শুভেচ্ছা বিনিময়ই নয়, বরং সামাজিক যোগাযোগব্যবস্থাকে আরও সক্রিয় করতে নতুন এ সুবিধা চালু করেছে ফেসবুক। এর আগে ভার্চুয়াল উপহার দেওয়ার সুবিধা থাকলেও সেটিকে এবার সত্যিকার উপহার হিসেবে রূপান্তরের এ উদ্যোগ ইতিমধ্যে বেশ জনপ্রিয়তাও পেয়েছে। এ সুযোগ ব্যবহার করে বিশেষ মুহূর্তে প্রিয়জনকে সরাসরি উপহার পাঠানো যাবে। ব্যবহারকারীদের এ সুবিধা সহজে ব্যবহারের সুযোগ দিতে ফেসবুকে যুক্ত হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য। বিশেষ এ টুলস ব্যবহার করে সেখানে ক্লিক করলে পছন্দসই উপহারটি প্রিয়জনকে পাঠানো যাবে। তবে শুরুর দিকে এ সুবিধা সীমিতভাবে চালু হয়েছে। বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বিশ্বব্যাপী বিপণন পদ্ধতিকে নতুন কিছু দেওয়ার উদ্যোগ হিসেবে ফেসবুক কর্তৃপক্ষের এমন উদ্যোগ। এ সুবিধাটি শুধু কম্পিউটারের মাধ্যমেই নয় ব্যবহার করা যাবে স্মার্টফোন আর ট্যাবলেটেও। এ সুবিধা নিয়ে মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডে চালু হয়েছে বিশেষ অ্যাপস। শিগগিরই অ্যাপলের আইওএসের জন্যও এ অ্যাপস চালু হবে বলে জানা গেছে। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আশফাক আলম