ফেসবুকের শক্ত প্রতিদ্বন্দ্বী গুগল প্লাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুক অবশেষে একটি শক্ত প্রতিদ্বন্দ্বী পেয়েছে। আর সেই প্রতিদ্বন্দ্বী হলো গুগল প্লাস। সামাজিক ও গণমাধ্যমের অন্যতম বিনিয়োগকারী সার্গিও মনসালভ অন্তত সেটাই মনে করেন। তাঁর এ রকম মনে করার কারণ হলো, গত জুনে চালুর পর থেকে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট গুগল প্লাসের ব্যবহারকারীর সংখ্যা আড়াই কোটি ছাড়িয়ে যাওয়ার বিষয়টি। তবে অনেকেই মনে করছেন গুগল প্লাস সঠিক পথ থেকে সরে যাচ্ছে। কারণ হিসেবে তাঁরা বলছেন, গত সপ্তাহে গুগল প্লাস বেনামে বা ডাকনামে অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করেছে। এর ফলে তাদের ব্যবহারকারীর সংখ্যা কমে যেতে পারে।বলা হচ্ছে, গুগল ইনকরপোরেশনের নতুন মাত্রা গুগল প্লাস এখনো অপ্রাপ্ত বয়স্ক। ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ সামাজিক যোগাযোগের সাইটের ক্ষেত্রে এটিকে কেবল একটি সদস্য মনে করেন। তিনি এর সাফল্য নিয়েও সংশয় প্রকাশ করেছেন। যদিও অনেকেই গুগল প্লাস নিয়ে আশার বাণী শুনিয়েছেন।ল্যারি পেজের গুগল প্লাসে বন্ধুত্ব গড়ার ক্ষেত্রে নতুন কিছু বাস্তবধর্মী ফিচার আছে, যা ফেসবুকে নেই। শুরুতেই ব্যবহারকারীদের বেশ কিছু চাওয়া গুগল প্লাস পূরণ করেছে।ফেসবুক ২০১১ সালের শুরুতে ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছায়। শুরুতে ফেসবুকে অনেক প্রতিযোগী থাকলেও বর্তমানে তেমন শক্ত প্রতিদ্বন্দ্বী নেই বললেই চলে।সার্গিও মনসালভ বলেন, ফেসবুক এখন অনেক ধনী। এখানে অনেক আনন্দদায়ক বিষয় আছে। প্রতিষ্ঠানটির শেয়ারের দামও বাড়ছে। গবেষণা প্রতিষ্ঠান ই-মার্কেটারের হিসাব অনুযায়ী, ফেসবুক এ বছর বিজ্ঞাপনের মাধ্যমে ৪০৫ কোটি ডলার আয় করেছে। দিন দিন অনলাইনে বিজ্ঞাপনের হার বাড়ছে। ফলে পরবর্তী বছর বিজ্ঞাপন থেকে ফেসবুক ৫৭৪ কোটি ডলার আয় করতে পারে। ই-মার্কেটারের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান কমস্কোর জানিয়েছে, যুক্তরাষ্ট্রে একজন ব্যবহারকারী প্রতি মাসে ৪৩৪ মিনিট সময় ফেসবুকে পার করে। আর বিশ্বজুড়ে এর ব্যবহারকারী আছেন ৭৫ কোটি।কিন্তু ভবিষ্যতে ফেসবুকের এ ধারা কি অব্যাহত থাকবে, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। গুগল প্লাস একটু হলেও সামাজিক যোগাযোগের ক্ষেত্রে নতুন ধারার প্রবর্তন করতে যাচ্ছে।বিশেষজ্ঞ ও ফেসবুকের শেয়ারের অংশীদার লু কারনার বলেন, অধিক সময় গুগল প্লাসে না থেকে অন্তত এক মিনিটের জন্য হলেও ফেসবুকে থাকুন। তবে তিনি নিজেও গুগল প্লাসের বিভিন্ন ফিচার পছন্দ করেন।গুগল প্লাস চালুর দুই মাসের মধ্যেই ফেসবুকের সঙ্গে এর তুলনা করা সত্যি কষ্টকর। গুগল প্লাসে সবচেয়ে আলোচিত ফিচার হলো সার্কেল। আগস্ট ক্যাপিটালের একজন অংশীদার ডেভিড হরনিক বলেন, ‘ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখলে দলের সদস্যদের কাছে কতটা সাবলীলভাবে তথ্য আদান-প্রদান করতে পারছি সেটাই বিবেচ্য বিষয়। কোন সার্কেলে কোন ধরনের তথ্য আদান-প্রদান করব সেটাও গুরুত্বপূর্ণ। কারণ আমরা সবার সঙ্গে সব ধরনের তথ্য আদান-প্রদান করতে চাই না।’হরনিক আরও বলেন, এখন দেখার বিষয় হলো, গুগল প্লাস কীভাবে সাফল্যের এ ধারাবাহিকতা এগিয়ে নিতে পারে। সার্জিও মনসালভ বেশি পছন্দ করেন, গুগল প্লাসের ‘স্পার্ক’ ফিচার। এতে ব্যবহারকারীর পছন্দের বিভিন্ন বিষয়ের একটি তালিকা থাকে। ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা অনেক। তবে সব সময় ব্যবহারকারীর সংখ্যা বেশি থাকলেই সাফল্য আসে না। ২০০৬ সালে ফেসবুকের চেয়ে মাইস্পেসের ব্যবহারকারী তিন গুণ বেশি ছিল। কিন্তু ফেসবুক মাইস্পেসের চেয়ে দ্রুত প্রসার লাভ করেছে। গুগল প্লাসে এখন আড়াই কোটি ব্যবহারকারী। তাঁরা প্রত্যেকে ১০-১৫ মিনিট থাকলে পরবর্তী দুই মাসে এ সাইটটির আরও উন্নয়ন হতে পারে।লিংকডইন করপোরেশনের বিনিয়োগকারী ডেভিড কাওয়ান বলেন, ‘গত সপ্তাহে বেনামে বা ডাকনামে অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করার ফলে গুগল প্লাস একটি সুযোগ হারাল। যখন কেউ সরকারকে চ্যালেঞ্জ করে তখন সাধারণত নিজের পরিচয় গোপন রাখতে চায়। সামাজিক যোগাযোগের ক্ষেত্রে আমরা নিজেকে আড়াল রাখতে চাই।’মটোরোলার মোবিলিটি কেনার ফলে গুগল প্লাসের অবস্থান আরও পোক্ত হবে। এর ফলে তারা মোবাইলে ফেসবুকের চেয়ে বেশি সুবিধা দিতে পারবে। সত্যিই তারা এই সুবিধা দিতে পারবে কি না এবং ফেসবুকের শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারবে কি না, সেটাই এখন দেখার বিষয়। রয়টার্স অবলম্বনে উজ্জ্বল মণ্ডল