ফেসবুকের সঙ্গে যুক্ত হলো অ্যাক্রিলিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক শীর্ষস্থান ধরে রাখতে নানা ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি বিশ্বখ্যাত এ সাইটটি কিনে নিয়েছে অ্যাপ্লিকেশন তৈরি প্রতিষ্ঠান অ্যাক্রিলিককে। পাশাপাশি কানাডাভিত্তিক এ মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাতা অ্যাক্রিলিকের কর্মকর্তা ডাস্টিন ম্যাকডোনাল্ড ফেসবুকের ‘ডিজাইন’ দলের সঙ্গে যুক্ত হবেন বলেও জানা গেছে। ডাস্টিন ম্যাকডোনাল্ড ‘অ্যাক্রিলিক’ চালু করার পর থেকেই নিজেই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কাজ করছিলেন। ফেসবুকের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘বর্তমানে নতুন প্রযুক্তির উদ্ভাবন ও প্রচলনের দিক থেকে ফেসবুক বেশ এগিয়ে রয়েছে। আমাদের লক্ষ্যের সঙ্গে ফেসবুকের দারুণ মিলও রয়েছে। তাই আমরা একসঙ্গে কাজ করার ব্যাপারে একমত হয়েছি। আশা করছি, আমরা দারুণ কিছু করতে পারব।’ অ্যাক্রিলিকের তৈরি নানা ধরনের অ্যাপ্লিকেশনের মধ্যে জনপ্রিয় হচ্ছে নিউজফিড ও ওয়ালেট। ফেসবুকের সঙ্গে যুক্ত হওয়ার ফলে এ দুটি অ্যাপ্লিকেশনও ফেসবুক ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে বলে মনে করা হচ্ছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রযুক্তির বাজারে টিকে থাকতে জনপ্রিয় নানা প্রতিষ্ঠানের সহায়তা এখন অনেক প্রতিষ্ঠানকেই এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই বর্তমানে এ বিষয়টিও বেশ জনপ্রিয় হচ্ছে। এর আগে ফেসবুক ট্যাগটাইল, স্পুলসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের কাজ করেছে। তবে ফেসবুকের সঙ্গে যা-ই যুক্ত হোক, সেটি ব্যবহারকারীদের জন্য দারুণ কিছুই। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আশফাক আলম