ফেসবুকের স্পর্শকাতর ভুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধরুন, আপনার পরিবারের কেউ একজন আত্মহত্যা করেছে মানসিকভাবে চরম বিপর্যস্ত হওয়ার কারণে। সে ছিল মাত্র ১৭ বছর বয়সের এক কিশোরী। কদিন পর সেই তার ছবিই দেখলেন অনলাইনের ‘ডেটিং’ বিজ্ঞাপনে শোভা পাচ্ছে! কেমন অনুভূতি হবে বলুন?

এই অভিজ্ঞতার ভেতর দিয়েই যেতে হয়েছে রেতেয়া পারসনসের বাবা-মাকে। কানাডার এই কিশোরীর গত এপ্রিলে আত্মহত্যার পেছনেও ছিল সাইবার অপরাধ। মৃত্যুর ১৭ মাস আগে গণধর্ষণের শিকার, এরপর সেই ধর্ষণের ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়া, ক্রমাগত তাঁকে ভয় দেখানো, উত্ত্যক্ত করে বার্তা দেওয়া—এসবেরই শেষ পরিণতি ছিল নিজের জীবন নিজের হাতেই শেষ করে দেওয়া। এমনই মর্মান্তিক পরিণতির শিকার পারসনসের ছবি কদিন আগে শোভা পেয়েছিল ফেসবুকে, ডেটিং বিজ্ঞাপনে। বিজ্ঞাপনটির শিরোনাম ছিল, ‘কানাডায় ভালোবাসা খুঁজুন’।

ভুল বুঝতে পারার সঙ্গে সঙ্গে ফেসবুক কর্তৃপক্ষ সেই বিজ্ঞাপন সরিয়ে নেওয়ার পাশাপাশি বিজ্ঞাপনদাতার অ্যাকাউন্টও বাতিল করেছে। গভীর দুঃখ প্রকাশও করা হয়েছে পারসনসের পরিবারের কাছে। যে ওয়েবসাইটের পক্ষ থেকে ফেসবুকে বিজ্ঞাপনটি দেওয়া হয়েছিল, সেই ডেটিং সাইটও এখন বন্ধ। —বিবিসি অবলম্বনে রাজীব হাসান