ফেসবুকের ১৫ অনুবাদককে গ্রামীণফোনের অভিনন্দন
ফেসবুকের শীর্ষ ১৫ বাংলা অনুবাদককে কাজের স্বীকৃতি হিসেবে ক্রেস্ট ও সনদপত্র দিয়েছে গ্রামীণফোন লিমিটেড। গত সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে এই স্বীকৃতি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রামীণফোনের যোগাযোগ বিভাগের প্রধান কাজী মনিরুল কবির বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, অংশগ্রহণকারীদের শ্রম, নিষ্ঠা ও একাগ্রতা ছাড়া গ্রামীণফোন ও ফেসবুকের এই যৌথ উদ্যোগ এত দ্রুত সফল হতো না। ফেসবুকের বাংলা অনুবাদ আরও বেশি করে বাংলা তথ্য, উপাত্ত ও প্রোগ্রাম তৈরিতে উৎসাহ জোগাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, ফেসবুক প্রতিনিধি মিনাল বালারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। খবর বিজ্ঞপ্তির।সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক চার বছর আগে এর অনুবাদক প্রোগ্রাম চালু করে। প্রায় তিন হাজার অনুবাদক এই প্রোগ্রাম ব্যবহার করে ফেসবুক বাংলায় রূপান্তরের কাজ করেছে। গ্রামীণফোন এ উদ্যোগে যুক্ত হলে কার্যক্রমটি নতুন গতি পায় এবং বর্তমানে কাজটি প্রায় শেষ পর্যায়ে। এ প্রচারণা চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি শুরু হয়েছিল।