ফোরস্কয়ারের নতুন লোগো

অবস্থান (লোকেশন) জানানোর জনপ্রিয় অ্যাপ্লিকেশন ফোরস্কয়ারের লোগোতে এসেছে পরিবর্তন। লোগো পরিবর্তনের পাশাপাশি ফোরস্কয়ারে যুক্ত হয়েছে বেশ কিছু নতুন সুবিধাও। এ অ্যাপের পুরো নকশাতেই এসেছে নতুন অনেকগুলো পরিবর্তন। এ অ্যাপের সাহায্যে মূলত ব্যবহারকারী বিভিন্ন জায়গায় গিয়ে নিজের অবস্থান জানাতে পারেন (চেক-ইন)। বিভিন্ন স্থানে গিয়ে জায়গা, অফিস, প্রতিষ্ঠান, রেস্তোরাঁসহ বিভিন্ন বিভাগওয়ারি চেক-ইন দেওয়া যায়। প্রতিটি চেক-ইনের সঙ্গে পাওয়া যাবে ওই স্থান নিয়ে বিশেষ টিপস কিংবা বৈশিষ্ট্যসমূহ।
নতুন লোগোতে ফোরস্কয়ারের প্রথম অক্ষর ‘এফ’কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ফোরস্কয়ারের সেবাকে আরও উন্নত করতে চালু হয়েছে সোয়ার্ম নামের আরেকটি অ্যাপ। এ অ্যাপের সাহায্যেও ফোরস্কয়ারের ব্যবহারকারীরা অবস্থানভিত্তিক চেক-ইন দিতে পারবেন। যাঁদের মোবাইলে ইতিমধ্যে ফোরস্কয়ার আছে, তাঁরা অ্যাপ স্টোর থেকে সোয়ার্ম অ্যাপটি নামিয়ে নিতে পারেন। আর আগে এতে ঢোকার (লগ-ইন) তথ্য ব্যবহার করে এটিও ব্যবহার করা যাবে। নিজেদের নতুন লোগো আর সুবিধাসমূহ নিয়ে প্রকাশিত এক ব্লগ বার্তায় জানানো হয়েছে, সম্পূর্ণ ব্যক্তিগত স্থানীয় সার্চ সুবিধাকে উন্নত করতেই যুক্ত হয়েছে বেশ কিছু নতুন বৈশিষ্ট্য, যা প্রায় ৫০ কোটি ব্যবহারকারীকে স্থানীয় চেক-ইনসহ অন্যান্য সুবিধা দিতে সাহায্য করবে। চেক-ইনের সঙ্গে ছবি আর সুন্দর সব ইমোটিকনস (ইমো) দিয়ে অন্যদের জানানো যাবে নিজের অবস্থান। —দ্য নেক্সট ওয়েব অবলম্বনে কাজী আলম