ফোন অব দ্য ইয়ার গ্যালাক্সি এস৩
যুক্তরাজ্যভিত্তিক প্রযুক্তি ব্লগ টি৩ প্রতিবছর ‘ফোন অব দ্য ইয়ার’ বা বছরের সেরা ফোন নির্বাচন করে। এবার ছিল ষষ্ঠ আয়োজন। এবারের অনুষ্ঠানে অ্যাপলের আইফোন ৪এস কে পেছনে ফেলে ‘ফোন অব দ্য ইয়ার’ পুরস্কারের খেতাব জিতেছে স্যামসাংয়ের তৈরি ‘গ্যালাক্সি এস৩’ স্মার্টফোনটি।গত বছর আইফোন ৪ কে হারিয়ে বছরের সেরা ফোন নির্বাচিত হয়েছিল গ্যালাক্সি এস২। এদিকে, আইফোন ৪ এস জিতেছে ওয়ার্ক গেজেট অব দ্য ইয়ার বিভাগের পুরস্কার। খবর টেলিগ্রাফ অনলাইনের।এ প্রসঙ্গে টি৩ কর্তৃপক্ষ বলেছে, ৪ দশমিক ৮ ইঞ্চি মাপের স্যামসাং গ্যালাক্সি এস ৩ স্মার্টফোনটি স্যামসাংকে রেকর্ড পরিমাণ মুনাফা এনে দিয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে গত বছরের তুলনায় দ্বিগুণ মুনাফার আশা করছে স্যামসাং। গত ২৯ মে ইউরোপের বাজারে গ্যালাক্সি এস৩ স্মার্টফোনটি উন্মুক্ত করে স্যামসাং। ৪ দশমিক ৮ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লেযুক্ত এ স্মার্টফোনে রয়েছে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ ৪.০.৪। ৬৭ হাজার ৫০০ টাকা দামের এ স্মার্টফোনে ১ দশমিক ৪ গিগাহার্টজের কোয়াড কোর এক্সিনস প্রসেসর, ১ গিগাবাইট র্যাম, উন্নত ব্যাটারি, ওয়াই-ফাই সুবিধাও রয়েছে।১৩৩ গ্রাম ওজন ও ৮ দশমিক ৬ মিলিমিটার পুরুত্বের স্মার্টফোনটিতে ফিচার হিসেবে রয়েছে ফেস রিকগনিশন প্রযুক্তি, পেছনের দিকে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ৮ মেগাপিক্সেল ও সামনের দিকে ১.৯ মেগাপিক্সেল ক্যামেরা, ‘এস ভয়েস’ নামে ভয়েস কন্ট্রোল প্রযুক্তি, যা আইফোন ৪ এসের তুলনায় এস৩ কে এগিয়ে রেখেছে বলেই টি৩ কর্তৃপক্ষ জানিয়েছে। প্রসঙ্গত, ২০০৯ এবং ২০১০ সালে ‘ফোন অব দ্য ইয়ার’ জিতেছিল এইচটিসি। ২০০৮ সালে ‘গেজেট অব দ্য ইয়ার’ জিতেছিল অ্যাপলের আইপড টাচ এবং কমিউটার অ্যাওয়ার্ড পেয়েছিল আইফোন।উল্লেখ্য, এ প্রতিযোগিতার আওতায় ছিল না সেপ্টেম্বর মাসে বাজারে আসা অ্যাপলের আইফোন ৫। এটি আগামী বছরের ‘ফোন অব দ্য ইয়ার’ প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে। আইফোন ৫-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে গ্যালাক্সি এস৩ মিনি বাজারে এনেছে স্যামসাং।স্মার্টফোন ছাড়া অন্যান্য বিভাগে রিটেইলার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছে আমাজন, গেমিং গেজেট হয়েছে সনি পিএস ভিটা, বছরের সেরা উদ্ভাবনের খেতাব গেছে রাসবেরি পাই উদ্ভাবনের জন্য, অ্যাপ অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছে জিবক্স অ্যাপ্লিকেশন। এ বছরের সেরা প্রযুক্তি ব্যক্তিত্ব হয়েছেন বিবিসির প্রযুক্তিবিষয়ক সাংবাদিক নিকোলাস ররি সেলান-জোন্স। নকশা বিভাগে পুরস্কার জিতেছে আসুসের ট্রিপল ই ট্রান্সফরমার, কম্পিউটার গেজেটে আমাজন কিন্ডল ৪, টিভি অব দ্য ইয়ার সনি ব্রাভিয়া। কম্পিউটারের পুরস্কার জিতেছে আসুস জেনবুক আর ট্যাবলেট অব দ্য ইয়ার গুগল ও আসুস নেক্সাস ৭ ট্যাবলেটটি। এ ট্যাবলেটটির জন্যই বছরের সেরা ব্র্যান্ডের খেতাব পেয়েছে আসুস। কম্পিউটার নির্মাতা আসুসের নেক্সাস ৭ ট্যাবলেটটিই বছরের সেরা গেজেট হিসেবেও নির্বাচিত করেছে টি৩ ব্লগ কর্তৃপক্ষ।