ফোন বিরহে মন ভাঙে!

জীবনের নিত্যসঙ্গীই হয়ে গেছে যেন মোবাইল ফোন। ফোন ছাড়া সময় পার করার কথা ভাবতে পারেন না অনেকেই। অনেকের কাছে স্মার্টফোনটি এখন প্রিয়জনের চেয়েও বেশি কিছু হয়ে উঠেছে। কিন্তু কাউকে তাঁর প্রিয় ফোন থেকে দূরে রাখলে কী ঘটতে পারে? মন খারাপ নাকি তার চেয়েও বেশি কিছু? সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকেরা এ বিষয়টি নিয়ে গবেষণা করেছেন। মিসৌরি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, মনোবৈকল্য দূর করার ইতিবাচক পথ খুঁজে বের করতে তাঁরা এই গবেষণা করেন।
গবেষকেরা দাবি করেছেন, কাউকে তার ফোন ব্যবহার করতে বাধা দেওয়া হলে তার মনে দুশ্চিন্তা তৈরি হতে থাকে এবং মানসিক কর্মদক্ষতার ওপরও এর নানা প্রভাব পড়ে।
গবেষক রাসেল ক্লেটন দাবি করেন, তাঁরা গবেষণার সময় আইফোন ব্যবহার করেছিলেন। তাতে দেখা গেছে, আইফোন ব্যবহারকারীকে ফোন থেকে আলাদা করা হলে তাঁর মানসিক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ে। এ সময় রক্তচাপ বেড়ে যায়, এমনকি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন আইফোন ব্যবহারকারী। (টাইম ডটকম)