ফোনে চমক নিয়ে আসছে লেনোভো

অগমেন্টেড রিয়েলিটি ফিচারযুক্ত নতুন একটি স্মার্টফোন এ বছরেই বাজারে আনতে পারে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান লেনোভো। গতকাল মঙ্গলবার স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ওয়াং ইউয়ানকিং বলেন, গুগলের ট্যাংগো প্রকল্পের অধীনে তৈরি করা অগমেন্টেড রিয়েলিটি যুক্ত করা হবে নতুন স্মার্টফোনে।
২০১৪ সালে ট্যাংগো নামের প্রকল্পের কথা জানায় গুগল। এ প্রকল্পের বিষয়ে গুগলের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা সবাই ত্রিমাত্রিক দুনিয়ায় বাস করি। সেই অনুভূতি দেওয়াই আমাদের লক্ষ্য।’
এই ফোন দিয়ে একজন ব্যবহারকারী তাঁর চারদিকের ত্রিমাত্রিক (থ্রিডি) মানচিত্র তৈরি করতে পারবেন। এই থ্রিডি সেন্সর প্রতি সেকেন্ডে আড়াই লাখ বার ত্রিমাত্রিকভাবে দিক পরিবর্তন করতে পারবে। এখন পর্যন্ত জিপিএস চালু করতে হলে ঘরের বাইরে বের হতে হয়। কিন্তু এই সফটওয়্যারসহ স্মার্টফোন ব্যবহারকারী তাঁর নিজের ঘরের দেয়ালের দুই দিকই পর্যবেক্ষণ করতে পারবেন, যেটা আগে কখনো সম্ভব ছিল না।
চলতি বছরের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠেয় সিইএস মেলায় অগমেন্টেড রিয়েলিটিযুক্ত স্মার্টফোনের ঘোষণা দিয়েছিল লেনোভো। এই ফোনটি জুলাই মাসনাগাদ বাজারে চলে আসবে। ফোনটি সম্পর্কে বিস্তারিত না জানালেও ওয়াং ইউয়ানকিং বলেন, ট্যাংগো প্রকল্পে ব্যবহৃত প্রযুক্তির পাশাপাশি আরও বাড়তি কিছু ফিচার থাকবে এতে।
লেনোভোর ওই কর্মকর্তা বলেন, উত্তর আমেরিকার মতো উন্নত দেশের বাজারে টিকে থাকতে হলে উদ্ভাবনী পণ্য ও প্রিমিয়াম ব্র্যান্ড হতে হবে। নতুন প্রযুক্তির ফোন ওই উন্নত বাজার ধরতে সাহায্য করবে।
গত বছরে গুগলের কাছ থেকে ২৯০ কোটি মার্কিন ডলারে মটোরোলা মোবিলিটিকে কিনে নেয় লেনোভো।
বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের তথ্য অনুযায়ী, বর্তমানে স্মার্টফোনের বাজারে চতুর্থ অবস্থানে আছে লেনেভো। স্মার্টফোনের বাজারে স্যামসাং, অ্যাপল ও হুয়াওয়ে শীর্ষ তিনটি অবস্থান দখলে রেখেছে।