ফোনে শিগগিরই উইন্ডোজ ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইন্ডোজচালিত ফোন
উইন্ডোজচালিত ফোন

উইন্ডোজ ফোনপ্রেমীরা নিশ্চয়ই নতুন অপারেটিং সিস্টেমের জন্য অপেক্ষা করছেন? শিগগিরই উইন্ডোজ ফোনের জন্য উইন্ডোজ ১০-এর প্রিভিউ বা প্রাক-সংস্করণ উন্মুক্ত করবে মাইক্রোসফট। একাধিক প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, ৪ ফেব্রুয়ারি থেকেই উইন্ডোজ ১০-এর প্রাক-সংস্করণ পাওয়া যাবে।
সম্প্রতি মাইক্রোসফট ঘনিষ্ঠ একটি সূত্র নকিয়া পাওয়ার ইউজার নামের প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটকে জানিয়েছে, ২১ জানুয়ারি উইন্ডোজ ১০-বিষয়ক অনুষ্ঠান শেষ হওয়ার দুই থেকে চার সপ্তাহের মধ্যেই উইন্ডোজ ফোনের জন্য উইন্ডোজ ১০ ওএসের প্রাক-সংস্করণ উন্মুক্ত করবে মাইক্রোসফট।
যাঁরা উইন্ডোজের সাম্প্রতিক সংস্করণ ব্যবহার করছেন, তাঁরা বিনা পয়সায় উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম আপগ্রেড করে নিতে পারবেন। ২১ জানুয়ারি বুধবার মাইক্রোসফট এ তথ্য জানিয়েছে। উইন্ডোজের সাম্প্রতিক সংস্করণ ও উইন্ডোজ ফোন সফটওয়্যার ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। এক খবরে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম গ্রুপের পরিচালক টেরি মেয়ারসন বিনা পয়সায় উইন্ডোজ মিলবে বলে ঘোষণা দিয়েছেন। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ বিক্রি থেকে এত দিন প্রচুর মুনাফা করে আসছে মাইক্রোসফট। এখন থেকে বিনা পয়সার উইন্ডোজ হালনাগাদ করার ঘোষণা দেওয়ার অর্থ হচ্ছে বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে মাইক্রোসফট।
টেরি মেয়ারসন আরও জানিয়েছেন, এ বছরের শেষ দিকে উইন্ডোজ ১০ উন্মুক্ত হতে পারে। উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮.১ ও উইন্ডোজ ফোন ৮.১ ব্যবহারকারীরা এক বছর বিনা মূল্যেই আপগ্রেড করে নিতে পারবেন উইন্ডোজ ১০ সংস্করণটি।
এদিকে বাজার-বিশ্লেষকেরা জানিয়েছেন, টেরি মেয়ারসনের বক্তব্য অনুযায়ী, এখন থেকে উইন্ডোজের নিয়মিত হালনাগাদ আসবে এবং সাবসক্রিপশন ফি দিয়ে উইন্ডোজের সাম্প্রতিক সংস্করণ ব্যবহার করা যাবে। আগের মতো এক-দুই বছর পরপর বড় ধরনের আপগ্রেড এনে তা বিক্রির চেষ্টা থেকে সরে আসবে প্রতিষ্ঠানটি।