ফোরজি মোবাইল নিয়ে প্রস্তুত মাইক্রোসফট

দ্রুত গতিতে এগিয়ে চলেছে বিশ্ব। থ্রিজি, ফোরজির পর এখন গবেষণা চলছে ৫জি নিয়েও। বেশ কয়েকটি দেশে ফোরজি মোবাইল নেটওয়ার্ক চালু হয়েছে। বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট দাবি করেছে, দ্রুত গতির মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত রয়েছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি নকিয়ার মোবাইল বিভাগটি কিনে নিয়েছে মাইক্রোসফট। সফটওয়্যার নির্মাতা পরিচয়ের পাশাপাশি এখন মোবাইল হ্যান্ডসেট নির্মাতা হিসেবেও পরিচিত হচ্ছে মাইক্রোসফট। মাইক্রোসফটের নকিয়া বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, ফোরজি চতুর্থ প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক সমর্থিত পণ্য তৈরিতে কাজ করছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট। মোবাইল অপারেটররা যখন ফোরজি নিয়ে প্রস্তুত হবে মাইক্রোসফটও প্রস্তুত থাকবে।
সম্প্রতি ভারতের বাজারে ফোরজি সুবিধার লুমিয়া ৬৩০ মডেলের স্মার্টফোন উদ্বোধন উপলক্ষে নকিয়া ইন্ডিয়ার বিপণন কর্মকর্তা রঘুবেশ সারুপ এই মন্তব্য করেন।
মাইক্রোসফটের সঙ্গে যুক্ত হওয়ার পর প্রথমবারের মতে ‘লুমিয়া ৬৩০’ মডেলের একটি হ্যান্ডসেট ভারতের বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে পিটিআই।
সাড়ে চার ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটিতে রয়েছে ১.২ গিগাহার্টজ কোয়ালকম স্ন্যাপড্রাগন কোয়াড-কোর প্রসেসর, ৫১২ র্যাম। ৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ সুবিধার স্মার্টফোনটি মাইক্রোএসডি সমর্থন করে।
উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেম ৮.১ নির্ভর স্মার্টফোনটির পেছনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এ বছরের ফেব্রুয়ারিতে বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে লুমিয়া ৬৩০ স্মার্টফোনটি প্রথম দেখিয়েছিল নকিয়া।