ফোরজি’র স্বপ্ন
উন্নয়নশীল দেশগুলোতে এখনই মুঠোফোন প্রযুক্তির চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক বা ফোরজির স্বপ্ন বোনার উপযুক্ত সময়। থ্রিজি থেকে ফোরজি বা লং টার্ম ইভল্যুশন (এলটিই) মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তির পরবর্তী ধাপে যাওয়ার জন্য তাই এখন থেকেই পরিকল্পনা নিতে হবে। সম্প্রতি বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মুঠোফোনে দ্রুত ইন্টারনেট ব্যবস্থা, ইন্টারনেট দক্ষ জনশক্তি ও নির্ভরযোগ্য তথ্যের জন্যই মূলত ফোরজি নেটওয়ার্ক ব্যবস্থা বাস্তবায়ন করা প্রয়োজন। যার ফলে প্রতি বছর ২৫০% হারে বাড়বে তথ্যের ব্যবহার যা বার্ষিক প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখবে। বিশ্বে ৪০ টির অধিক দেশেই চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক ব্যবস্থা চালু হয়েছে এবং কয়েকটি দেশে ফোরজি নেটওয়ার্ক চালুর কাজ চলছে। চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক চালুর ক্ষেত্রে অর্থনৈতিক পরাশক্তির দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপানের পাশাপাশি ছোট দেশ হিসেবে অ্যাংগোলা, কিরগিজস্তান ও তানজানিয়ার মত দেশও রয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক বাস্তবায়ন করা দেশগুলোর এ ক্ষেত্রে বিনিয়োগের কারণ হচ্ছে- উপলব্ধি। দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা বুঝতে পেরেছেন যে, অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হচ্ছে প্রযুক্তির যথাযথ ব্যবহার। বর্তমান সময়ে ব্যবসা উন্নয়নের হাতিয়ার এবং দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের অন্যতম স্তম্ভ। যখন কোনো নির্দিষ্ট গ্রাহকের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে দ্রুতগতির মোবাইল নেটওয়ার্ক সুবিধার কথা ধরা হয়, তখন ফোরজি প্রযুক্তি বাস্তবায়নের বিকল্প হয় না।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, ফোরজি বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের জীবন যাপন পদ্ধতি দিন দিন অনলাইন নির্ভর হয়ে যাচ্ছে। একমাত্র ফোরজি ব্যবস্থা চালু করা সম্ভব হলেই পুরো বিশ্বের সঙ্গে দ্রুতগতিতে যোগাযোগ করা সম্ভব হবে এবং একটি ‘কানেক্টেড ওয়ার্ল্ড’ বা সংযুক্ত পৃথিবী গড়ে উঠবে। ফোরজির সুবিধায় গ্রাহকরা টেলিভিশন দেখা, ভিডিও কল করা থেকে শুরু করে অনলাইনে কেনাবেচা, দ্রুতগতিতে সামাজিক যোগাযোগ করতে পারবে, ফলে তথ্য ও বিনোদন পাওয়া সহজতর হবে। মুঠোফোনেও অ্যাপ্লিকেশনের সর্বোচ্চ ব্যবহার করা যাবে । ব্যবসার ক্ষেত্রে ফোরজির সুবিধা হবে সবচে বেশি। দ্রুতগতির মোবাইল নেটওয়ার্ক সুবিধায় ই-কমার্স বাড়বে। তথ্য ও যোগাযোগ ক্ষেত্রে দক্ষতা ও উত্পাদনশীলতা বাড়বে। ব্রডব্যান্ড সুবিধাহীন উন্নয়নশীল দেশগুলোতে দ্রুতগতির ফোরজি সুবিধা যুক্ত হলে বৈশ্বিক স্কেলে উন্নত দেশগুলোর কাতারে দাঁড়ানোর সুযোগ মিলবে। সাধারণ কর্মজীবীরাও মুঠোফোন ব্যবহারে সুবিধা পাবেন। ইমেইল তথ্য জেনে কর্মক্ষেত্রে তা কাজে লাগাতে পারবেন। দ্রুতগতিতে তথ্য জানার সুবিধা কাজের দক্ষতা বাড়িয়ে দেবে। অফিসের বাইরে ঘরে বসেও কাজের সুযোগ মিলবে। মুঠোফোনে ক্লাউড প্রযুক্তি ব্যবহার করে অনেক কাজ সেরে নেওয়া যাবে।ফোরজি সুবিধা অর্থনৈতিক উন্নয়নে রাখবে গুরুত্বপূর্ণ প্রভাব। ক্যাপিটাল ইকনমিকস নামের একটি প্রতিষ্ঠান যুক্তরাজ্যের অর্থনীতিতে ফোরজি প্রযুক্তির সম্ভাবনা সম্পর্কিত একটি গবেষণায় ফল প্রকাশ করেছে। ক্যাপিটাল ইকনমিকসের তথ্য অনুযায়ী, ফোরজি প্রণয়নে দেশটিতে সরাসরি বিনিয়োগ ৫৫০ কোটি পাউন্ডেরও বেশি ছাড়িয়ে যেতে পারে। নতুন করে ১ লাখ ২৫ হাজারেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হতে পারে এবং বার্ষিক প্রবৃদ্ধির হার ০.৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। গবেষকেরা জানিয়েছেন, ক্যাপিটাল ইকনমিকসের গবেষণায় যে অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে তা কেবল উন্নত অবকাঠামো সুবিধার উন্নত দেশ দেশগুলোর জন্য প্রযোজ্য। উন্নয়নশীল দেশগুলোতে ফোরজি বাস্তবায়নের প্রভাব হতে পারে আরও সুদূরপ্রসারী। প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, বিশ্ব এখনো অর্থনৈতিক অনিশ্চয়তার কবল থেকে পুরোপুরি বের হয়ে আসতে পারেনি। সরকার ও দেশের জাতীয় টেলিকম অপারেটরগুলোর তাই পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে অবকাঠামোর উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করা উচিত। ফোরজি চালু করা সম্ভব হলে উভয়ের ক্ষেত্রেই ২১ শতকের ডিজিটাল অবকাঠামো তৈরি করে গ্রাহকদের সেবা দেওয়া সম্ভব হবে এবং ভবিষ্যতে ব্যবসা বাড়বে, অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত হবে।