ফোর্বস তালিকায় প্রযুক্তি উদ্যোক্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফোর্বস ম্যাগাজিনের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকায় চলতি বছর প্রযুক্তি উদ্যোক্তা, ব্যবসায়ীরা অনেকেই স্থান করে নিয়েছেন। এ বছর চতুর্থ অবস্থানে রয়েছেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস। যদিও সেরা দশের তালিকা থেকে সরে গেছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। প্রভাবশালীদের মধ্যে তালিকায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার নাম। বিশ্বের সাতশো’ ১০ কোটি মানুষের মধ্য থেকে সবচেয়ে প্রভাবশালী ৭১ জন ব্যক্তিকে বাছাই করেছে ফোর্বস। মানুষের ওপর প্রভাব, অর্থ, সম্পদ, বিভিন্ন ক্ষেত্রে ক্ষমতা ও ক্ষমতার ব্যবহারের ওপর ভিত্তি করে এ তালিকা করা হয়েছে। তালিকাটি ৫ ডিসেম্বর বুধবার প্রকাশিত হয়েছে। সবচেয়ে কম বয়সী প্রভাবশালীদের মধ্যে তালিকায় স্থান পেয়েছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ (২৯)। আগের বছরের চেয়ে অবস্থানের দিক থেকে অবনমন ঘটলেও তালিকায় ২৫তম অবস্থানে রয়েছেন তিনি। এর আগে তাঁর অবস্থান ছিল নয় নম্বরে। প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় সামনের দিকে এগিয়েছেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। এবারের তালিকায় তাঁর অবস্থান ৩৫। তালিকায় নতুনদের মধ্যে রয়েছে লিঙ্কডইনের সহ-প্রতিষ্ঠাতা রেইড হফম্যান। তার অবস্থান তালিকার সর্বশেষ ৭১ নম্বরে। এ ছাড়াও প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে তালিকায় স্থান পেয়েছেন মহাকাশ যান নির্মাতা প্রতিষ্ঠা স্পেসএক্সের প্রতিষ্ঠাতা এলন মাস্ক। তালিকায় গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিনও রয়েছেন।