ফৌজদারি তদন্ত শুরু করেছে মার্কিন সেনাবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগান যুদ্ধ সম্পর্কে সামরিক বাহিনীর প্রায় ৯২ হাজার নথি ফাঁসের ঘটনায় গত মঙ্গলবার থেকে ফৌজদারি তদন্ত শুরু করেছে মার্কিন সেনাবাহিনী। উইকিলিক্স নামের একটি প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটে এসব নথি ফাঁস করে দেয়। এসব তথ্য ফাঁসের পেছনে জেলে থাকা এক মার্কিন সৈন্যকে সন্দেহ করছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের প্রেস সচিব জিওফ মোরেল জানান, ব্র্যাডলি ম্যানিং নামে ২২ বছর বয়সী ওই সৈন্যকে এর আগে ইউকিলিকসে তথ্য ফাঁস করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন বিমান হামলার একটি ভিডিও ফাঁস করে দেওয়ার অভিযোগে গত মে মাসে ম্যানিংকে গ্রেপ্তার করা হয়। তাঁকে কুয়েতের একটি সামরিক কারাগারে আটকে রাখা হয়েছে। সেবার যুক্তরাষ্ট্রের আর্মি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিভিশনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল। এবারও একই সংস্থাটিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। পেন্টাগনের মুখপাত্র কর্নেল ডেভ লাপেন জানান, সংস্থাটি সর্বশেষ এই তথ্য ফাঁসের ঘটনা ব্যাপকভিত্তিতে তদন্ত করবে। ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত এসব নথি লেখা হয়। লাপেন জানান, নথি ফাঁস হয়ে যাওয়ায় নিরাপত্তা কতখানি হুমকির মুখে পড়েছে বা পড়তে পারে, সে বিষয়টি আলাদাভাবে খতিয়ে দেখছে পেন্টাগন। নথি ফাঁসের ফলে আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো বাহিনীর সৈন্যরা ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান