ফ্যাবলেট যুদ্ধে নকিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নকিয়ার লুমিয়া ১৫২০
নকিয়ার লুমিয়া ১৫২০

ছয় ইঞ্চি মাপের একটি স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে নকিয়া। এ পণ্যটিতে ট্যাবলেটের বেশ কিছু ফিচার থাকবে বলে একে ‘ফ্যাবলেট’ বলা হচ্ছে। সম্প্রতি ইভিলিকস নামের টুইটার অ্যাকাউন্ট থেকে নকিয়ার বড় মাপের এ ফ্যাবলেটটির তথ্য ফাঁস হয়েছে।
স্মার্টফোনের তথ্য ফাঁসের ক্ষেত্রে এর মধ্যেই খ্যাতি অর্জন করেছে ইভিলিকস। এই অ্যাকাউন্ট থেকে ফাঁস করা তথ্য এর আগে অধিকাংশ ক্ষেত্রেই মিলে গেছে।
এদিকে, সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট সম্প্রতি নকিয়া কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে। মাইক্রোসফটের অধীনে যাওয়ার পরপরই নতুন দুটি পণ্য নিয়ে কাজ শুরু করবে নকিয়া। এর একটি হবে বড় মাপের ফ্যাবলেট, আরেকটি ট্যাবলেট কম্পিউটার।

ছয় ইঞ্চি মাপের ফ্যাবলেটটি ‘লুমিয়া ১৫২০’ মডেল নামে বাজারে আসতে পারে। হাই ডেফিনেশন স্ক্রিনের এ ফ্যাবলেটে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। ২৬ সেপ্টেম্বর নিউইয়র্কে আয়োজিত একটি অনুষ্ঠানে নতুন পণ্যের ঘোষণা দেবে নকিয়া।

বাজারবিশ্লেষকেরা জানিয়েছেন, বর্তমানে বড় স্মার্টফোনের বাজারে রয়েছে হুয়াউয়ে, স্যামসাং, সনি। সম্প্রতি ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছে, অ্যাপল ছয় ইঞ্চি মাপের একটি স্মার্টফোন বাজারে আনতে পারে। তাই বলা চলে, শিগগিরই শুরু হচ্ছে ‘ফ্যাবলেট’ যুদ্ধ।