ফ্যাশনে মৈত্রী বন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধুত্বের কি বয়স বাড়ে? তা কী করে হয়। বন্ধুত্ব তো সব সময়ই রঙিন, তরুণ। এই যেমন ফ্রান্স-জার্মানি তাদের বন্ধুত্বের ৫০ বছরে পা দিল। আর এই ‘বন্ু্লত্বের ৫০ বছর পূর্তি’ উদ্যাপনের অংশ হিসেবে ফ্রান্স ও জার্মানির সাংস্কৃতিক ঐতিহ্যের মিলন ঘটল এক বর্ণাঢ্য ফ্যাশন শোতে। আর সেটি ঢাকায়।

দুই দেশের ঐতিহ্যের মিশেলে তৈরি পোশাক নিয়ে ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজ ও গ্যেটে ইনস্টিটিউট ৭ ও ৮ জুন এবং চট্টগ্রামে আলিয়ঁস ফ্রঁসেজে ১০ জুন অনুষ্ঠিত হলো ফ্যাশন শো। স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশও বাদ যায়নি। প্রদর্শনীতে স্থান পেয়েছে বাংলার ঐতিহ্যবাহী পোশাক। আর যাঁরা পোশাক ডিজাইন করেছেন, তাঁরাও বাংলাদেশি। বাংলাদেশের বিবি রাসেল, ফ্রান্সের সাকিনা এম’সা, জার্মানির মিশায়েল সোনট্যাগের তত্ত্বাবধানে ‘এথনো-ফ্যাশন’ শীর্ষক তিন সপ্তাহের এক কর্মশালায় অংশ নেন বাংলাদেশের ১০ জন তরুণ ডিজাইনার। তাঁরা হলেন ইয়ানা নুজহাত, সিফাত জামান, তাসমিত আফিয়াত, হোমায়রা হাসিন, কেহকাশা সাবাহ, জেরিন তাসনিম, ইফফাত আরা, নাজিয়া আফরোজ, রুবাইয়া হক এবং হানিফ কায়সার।

কর্মশালা শেষে তাঁদের ডিজাইন করা পোশাক নিয়ে আয়োজন করা হয় এ প্রদর্শনী। ‘আমি সত্যি ভাগ্যবান, এত তরুণের সঙ্গে কাজ করতে পেরে। তাঁদের শেখানোর চেষ্টা করেছি এবং নিজে তাঁদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আর ফলাফল যা পেয়েছি, তা এককথায় বলা যায় “ফিউশন অব কালচার!”’ তরুণদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে এমনটাই বলেন মিশায়েল সোনট্যাগ।

এ প্রকল্পের পৃষ্ঠপোষকতাকারী প্রতিষ্ঠানগুলো হলো ফ্রেঞ্চ ফ্যাশন নিটিং প্রাইভেট লিমিটেড, গেটকো, আড়ং ও রূপবিশেষজ্ঞ ফারজানা শাকিল।