ফ্রান্সে করের অভিযোগ থেকে গুগলের দায়মুক্তি
২০১৬ সালের মে মাসে কর জালিয়াতি তদন্তে অ্যালফাবেটের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের প্যারিস কার্যালয়ের বিরুদ্ধে ১১০ কোটি ইউরো অপরিশোধিত করের অভিযোগ আনা হয়েছিল। গত বুধবার ফ্রান্সের উচ্চ আদালত ফরাসি কর্তৃপক্ষের দায়ের করা এ মামলার রায় ঘোষণা করেন। আদালতের রায়ে জয়ী হয়ে গুগলকে ফরাসি কর্তৃপক্ষের দাবি করা প্রায় ১১০ কোটি ইউরো কর দিতে হবে না বলে জানান আদালত।
প্রায় ৭০০ কর্মী নিয়ে গুগলের ফ্রান্সের কার্যালয় প্যারিসে হলেও গুগল তাদের বিজ্ঞাপনগুলো করপোরেট কর বাঁচাতে আয়ারল্যান্ডে দিয়ে থাকে বলে অভিযোগ আনে ফরাসি অর্থ বিভাগ। গত বছরের ২৪ মে কর জালিয়াতির তদন্ত করতে গুগলের প্যারিস কার্যালয়ে প্রায় ১০০ কর কর্মকর্তা প্রবেশ করে তল্লাশি চালান। তদন্ত শেষে গুগলের বিরুদ্ধে প্রায় ১১০ কোটি ইউরো অপরিশোধিত করের অভিযোগ আনেন অর্থ বিভাগের কর্মকর্তারা এবং তা পরিশোধ করার দাবি নিয়ে উচ্চ আদালতে মামলা করেন। গত বুধবার আদালত ফরাসি কর্তৃপক্ষের সেই দাবি নামঞ্জুর করে দেন।
প্যারিস আদালত রায়ে বলেন, গুগল আয়ারল্যান্ড লিমিটেড ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত সময়ে কোনো করপোরেট বা মূল্য সংযোজন কর দিতে বাধ্য ছিল না। তাই ফরাসি কর্তৃপক্ষের দাবি করা কর প্রতিষ্ঠানটিকে দিতে হচ্ছে না। গুগলের পক্ষে যাওয়া এই রায়ে আরও বলা হয়, দেশটিতে গুগলের কোনো ‘স্থায়ী স্থাপনা’ বা পর্যাপ্ত করযোগ্য উপস্থিতি নেই, যার ভিত্তিতে ওই কর দাবি করবে ফরাসি কর্তৃপক্ষ। তবে আগামী কয়েক মাসের মধ্যেই আবার আপিল করবে বলে গণমাধ্যমকে জানান ফরাসি অর্থমন্ত্রী।
উল্লেখ্য, গুগলের কর ব্যবস্থাপনার কোনো কিছুতে যুক্তরাজ্য সম্পর্কিত হলে সেই কর আয়ারল্যান্ডে পরিশোধ করার অনুমোদন রয়েছে প্রতিষ্ঠানটির। এ নিয়ে ২০১৬ সালের জানুয়ারিতে গুগল যুক্তরাজ্য কর কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তি করে। চুক্তি অনুযায়ী ২০০৫ সালের জন্য প্রতিষ্ঠানটিকে বাড়তি ১৩ কোটি ডলার পরিশোধের নির্দেশ দিয়েছিল যুক্তরাজ্য কর্তৃপক্ষ।
শাওন খান, সূত্র: বিবিসি