ফ্রিজে রেখে খাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির মাংস অনেক দিন ধরেই খাওয়া হবে। ফ্রিজে রাখা হলেও স্বাদ কিন্তু কমবে না। দেখে নিন ফাতিমা আজিজের দেওয়া রেসিপিগুলো।

মুঠা কাবাব
মুঠা কাবাব

মুঠা কাবাব
উপকরণ: গরুর মাংসের মিহি কিমা ১ কেজি, পাউরুটির টুকরা ৩টি, দেশি পেঁয়াজ (মিহি কুচি) ৪ টেবিল চামচ, কাঁচা মরিচ (মিহি কুচি) ৬টি, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, আদা বাটা ২ চা-চামচ, পুদিনাপাতা কুচি ২ টেবিল চামচ, চিনি ১ চা-চামচ, লবণ ২ চা-চামচ, টমেটো কেচাপ ২ টেবিল চামচ, সিরকা বা লেবুর রস ২ টেবিল চামচ, লেবুর খোসা কুচি ১ টেবিল চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ। ভাজার জন্য ডার্ক সয়াসস ১ টেবিল চামচ, মিক্সড হার্বস (অরিগেনো, রোজমেরি, বেসিল ইত্যাদি) আধা চা-চামচ।
প্রণালি: পাউরুটি হাত দিয়ে ঝুরি করে এর সঙ্গে মাংসের কিমা বাদে অন্যান্য উপকরণ ভালো করে মেখে নিন। এবার মাংসের কিমা দিয়ে মিশিয়ে নিন। মাখানো হয়ে গেলে ১৬ থেকে ১৮টি ভাগ করুন। বেকিং ট্রেতে তেল মেখে নিয়ে একেকটি ভাগ হাতের তালুতে নিয়ে মুঠি করে চেপে বেকিং ট্রেতে রাখুন। প্রি-হিটেড ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে ৫০ মিনিট বেক করুন। তবে ২৫ মিনিট পর বেকিং ট্রে বের করে কাবাবগুলো উল্টে দিয়ে আরও ২৫ মিনিট বেক করুন। এই কাবাব ফ্রাইপ্যানে সেঁকা তেলেও ভাজা যায়। মুঠা কাবাব বানিয়ে আইস চেম্বারে বায়ুরোধী পাত্রে দুই সপ্তাহের মতো রেখে খাওয়া যায়।

মিটলোফ
মিটলোফ

মিটলোফ
উপকরণ: মাংসের মিহি কিমা ১ কেজি, সরিষা গুঁড়া দেড় চা-চামচ পাউরুটির টুকরা ২টি, টমেটো কেচাপ পৌনে এক কাপ, পেঁয়াজ (মিহি কিমা) পৌনে এক কাপ, ফেটানো ডিম ২টি, লবণ ২ চা-চামচ, সিজনিং সস ১ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, ঘি বা তেল ২ টেবিল চামচ।
প্রণালি: পাউরুটি হাত দিয়ে ঝুরি করে ফেটানো ডিম, সিজনিং সস, আধা কাপ টমেটো কেচাপ, লবণ, সরিষা ও গোলমরিচের গুঁড়া এবং কিমা করা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিন। এবার ঘি বা তেল এবং মাংসের কিমা ভালো করে মিশিয়ে মেখে নিন। ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে বেকিং ট্রেতে তেল বা ঘি মেখে কিমার মিশ্রণ চেপে বিছিয়ে দিন। হাত দিয়ে চেপে চারপাশ সমান করে বাকি টমেটো কেচাপ এর ওপর ব্রাশ করে দিন। ওভেনে দেড় থেকে দুই ঘণ্টা বেক করুন। মাঝে ট্রে বা বক্স বের করে ঘুরিয়ে দেবেন, যেন পুরোটায় তাপমাত্রা ঠিকভাবে লাগে। মিটলোফ ঠান্ডা হলে রুটির মতো স্লাইস করে স্যান্ডউইচ, বাকরখানি অথবা সালাদের সঙ্গে পরিবেশন করুন।

ভাজা মাংস
ভাজা মাংস

ভাজা মাংস
উপকরণ: গরুর মাংস আড়াই কেজি, পেঁয়াজ (মিহি কুচি) আধা কেজি, আদা বাটা ২ টেবিল চামচ, তেজপাতা ২টি, দারুচিনি ছয় টুকরা, এলাচি (ছোট) ৬টি, লবণ স্বাদ অনুযায়ী, সিরকা আড়াই টেবিল চামচ, তেল সিকি কাপ।
প্রণালি: মাংস বড় টুকরা করে কেটে ধুয়ে নিন। হাঁড়ি বা কড়াইয়ে তেল গরম হলে তেজপাতার ফোড়ন দিয়ে পেঁয়াজ বাদামি করে ভেজে নিন। মাংসের টুকরাগুলো দিয়ে কিছুক্ষণ ভাজুন। সিরকা ও লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে আদা বাটা দিয়ে কষিয়ে নিন। চুলার আঁচ কমিয়ে ঢেকে দিন। ভালোভাবে জ্বাল হলে মাংসের পানি বের হবে। কিন্তু নরম হবে না। মাংস চুলা থেকে নামিয়ে রাখুন। গরমের দিন হলে প্রতিদিন এবং শীতের দিন হলে এক দিন অন্তর জ্বাল দেবেন অল্প আঁচে। প্রয়োজনে সামান্য পানি দিয়ে জ্বাল দেবেন। যদি রেফ্রিজারেটরে রাখা হয়, তাহলে পাঁচ দিন পর পর জ্বাল দেবেন। মাংস ফুটিয়ে জ্বাল দিতে হবে। ভালো করে ঝুরি হয়ে ভাজা ভাজা হলে এই মাংস একটি বায়ুরোধী পাত্রে করে ফ্রিজে এক থেকে দুই মাস পর্যন্ত রেখে খাওয়া যায়। খাওয়ার আগে বের করে পেঁয়াজ বাদামি করে ভেজে কাঁচা মরিচ কুচি দিয়ে নেড়ে বাগার দিয়ে খেতে পারেন।

তাক্কা
তাক্কা

তাক্কা
উপকরণ: গরুর পেছনের রানের চাকা মাংস ১ কেজি, তেল আধা কাপ, লেবুর রস বা সিরকা ৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো, আদা বাটা ১ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, পেঁয়াজ (মিহি স্লাইস) ১ কাপ, গরম মসলা বাটা ১ চা-চামচ।
প্রণালি: হাড় ও চর্বি ছাড়িয়ে মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। মাংসের সঙ্গে সিরকা অথবা লেবুর রস এবং আদা বাটা মিশিয়ে মেখে নিন। একটি স্টিলের ট্রেতে মাংস নিয়ে চারপাশ উল্টেপাল্টে ভালো করে কেচে নিন। এভাবে কেচে তিন-চার ঘণ্টা রেখে দিন। এক ঘণ্টা অন্তর মাংস বের করে চারপাশ ভালো করে কেচে নেবেন। ম্যারিনেট হয়ে গেলে ভালো করে কয়েকবার ধুয়ে নিয়ে ডুবো পানিতে সেদ্ধ করে নিন। মাংস উঠিয়ে গোলমরিচের গুঁড়া ও গরম মসলা বাটা দিয়ে মেখে নিন। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ বাদামি করে ভেজে মাংসের চাকা দিয়ে এপিঠ-ওপিঠ করে ভালো করে ভেজে নিন। নামিয়ে কেটে সালাদ ও বাকরখানি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন। তাক্কাও ইচ্ছা করলে ১০-১২ দিন রেফ্রিজারেটরে রেখে খাওয়া যায়।

হান্টার বিফ
হান্টার বিফ

হান্টার বিফ
উপকরণ: গরুর মাংসের চাকা (পেছনের রানের) ১ কেজি, সিরকা সিকি কাপ, লেবুর রস সিকি কাপ, ক্যারামেল বা গুড় ১ টেবিল চামচ, মিট টেন্ডারাইজার (সোরা) সিকি চা-চামচ, বেকিং সোডা আধা চা-চামচ, লবণ ২ টেবিল চামচ অথবা স্বাদ অনুযায়ী।
প্রণালি: মাংসের চর্বি ও পর্দা ফেলে পরিষ্কার সুতি কাপড় দিয়ে পুরো টুকরাটার চারপাশ মুছে নিন। কিন্তু মাংসে কোনো পানি লাগাবেন না। সিরকা, লেবুর রস ও ক্যারামেল বা গুড় একত্রে মিশিয়ে মিশিয়ে নিন। লবণ ও সোডা গুঁড়া করে একত্রে মিশিয়ে অন্য একটি পাত্রে বেকিং সোডার সঙ্গে মিলিয়ে রাখুন। মাংসের ওপর লবণ ও সোরা এবং বেকিং সোডা মেখে সিরকার মিশ্রণ মিশিয়ে একটি স্টিলের পাত্রে নিয়ে কাঁটা চামচ দিয়ে কেচে নিন। এভাবে অল্প অল্প করে সিরকা, গুড় ও লেবুর রসের মিশ্রণ দিয়ে মাংস চারপাশ থেকে ভালো করে কেচে নিন। কেচা হয়ে গেলে মাংস থেকে পানি বের হবে। এই পানিতে মাংস চুবিয়ে ঠান্ডা খোলা বাতাসে দু-তিন দিন রাখুন। অতিরিক্ত গরম পড়লে রেফ্রিজারেটরেও রাখা যায়। এবার প্রচুর পরিমাণ পানিতে মাংস অনেকবার ধুয়ে নিন। তারপর ডুবো পানিতে সেদ্ধ করুন। একটি প্লেটে বা ট্রেতে নিয়ে মাংস খোলা বাতাসে রাখুন। মাংসের পানি একেবারে টেনে শুকিয়ে গেলে ঢেকে রেফ্রিজারেটরে রাখুন। রেফ্রিজারেটর ছাড়াও হান্টার বিফ তিন-চার দিন বাইরেও রাখা যায়।