ফ্রিল্যান্সার ডট কমে চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় অনলাইন আউটসোর্সিং কাজ পাওয়ার ওয়েবসাইট (অনলাইন মার্কেটপ্লেস) ফ্রিল্যান্সার (www.freelancer.com) আয়োজিত ‘কনটেন্ট ডেভেলপমেন্ট এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও)’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশি আউটসোর্সিং প্রতিষ্ঠান ডেভসটিম (www.devsteam.com)। গতকাল মঙ্গলবার ফ্রিল্যান্সারের ওয়েবসাইটে (http://goo.gl/TFHNs) আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম প্রকাশ করা হয়েছে। ডেভসটিম নিজেদের তৈরি ফ্রিল্যান্সার কেয়ার (www.freelancercare.com) ওয়েবসাইটের কনটেন্ট ডেভেলপমেন্ট এবং এসইও করে চ্যাম্পিয়ন হয়েছে। পুরস্কার হিসেবে ডেভসটিম পাবে ১০ হাজার ডলার। এ প্রতিযোগিতায় দ্বিতীয় পাকিস্তানের দল এনলাইটেন টেকনো এবং তৃতীয় হয়েছে অস্ট্রেলিয়ার দল অ্যাটোমিক অ্যাপস। দ্বিতীয় ও তৃতীয় দল পুরস্কার হিসেবে পাবে যথাক্রমে তিন ও দুই হাজার ডলার।ফ্রিল্যান্সার ডট কমের আয়োজনে শীর্ষ কনটেন্ট ডেভেলপার এবং এসইও নির্বাচন করার জন্য গত মাসে ‘এসইও অ্যান্ড কনটেন্ট রাইটিং কম্পিটিশন’ নামে প্রতিযোগিতাটির আয়োজন করা হয়। ফ্রিল্যান্সার কর্তৃপক্ষের নির্দিষ্ট করে দেওয়া কিছু বিষয়ে কনটেন্ট ডেভেলপ করা এবং ওই কি-ওয়ার্ডে গুগল সার্চের শীর্ষে নিয়ে আসার এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট মার্কেটার এবং কনটেন্ট ডেভেলপার দল অংশ নেয়। প্রতিযোগিতায় প্রায় দেড় হাজার প্রকল্প জমা পড়ে। ডেভসটিমের প্রধান নির্বাহী আল-আমিন কবির বলেন, ‘এটি ছিল আমাদের জন্য অনেক বড় একটি প্রতিযোগিতা। বিশ্বের বিভিন্ন দক্ষ দলের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে আমরা চ্যাম্পিয়ন হয়েছি।’ সম্প্রতি যাত্রা শুরু হওয়া ডেভসটিমের অন্য সদস্যরা হলেন ইউনুস হোসেন, মাসুদুর রশিদ, তাহের চৌধুরী ও নাসির উদ্দিন। প্রতিযোগিতায় ভালো করায় আরও ১০টি প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা হিসেবে ১০০ ডলার করে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছে ফ্রিল্যান্সার ডট কম। —নুরুন্নবী চৌধুরী