ফ্রিল্যান্সারদের দক্ষতা বাড়াতে কাজ করবে বিশ্বব্যাংক
অনলাইন আউটসোসির্ং-এ জড়িতে বাংলাদেশের মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সারদের দক্ষতা বাড়াতে কাজ করবে বিশ্বব্যাংক। এ লক্ষ্যে সংস্থাটি বাংলাদেশে একটি বিশেষ প্রকল্প হাতে নিতে যাচ্ছে বলে জানা গেছে। গত বৃহস্পতিবার ডেভসটিম ইনস্টিটিউট কার্যালয়ে ফ্রিল্যান্স মার্কেটপ্লেসের বাংলাদেশ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন বিশ্বব্যাংকের তথ্যপ্রযুক্তি ইউনিটের পরামর্শক সিউ চিউ কোয়েক। এ ছাড়া বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের উন্নয়নে বিশ্বব্যাংক এবং দেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ইতিমধ্যে একটি প্রকল্প চালু করেছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান, ওডেস্ক ডট কমের কান্ট্রি অ্যামবাসেডর মাহমুদ হাসান, ইল্যান্স ডট কমের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সাঈদুর মামুন খান এবং ফ্রিল্যান্সার ডট কমের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার নাবিলা খুরশিদসহ অনেকে উপস্থিত ছিলেন।