ফ্রিল্যান্সারদের নিয়ে প্রিয় ডটকমের আয়োজন
দেশের ১০০ জন নির্বাচিত ফ্রিল্যান্সারকে নিয়ে অনলাইন পোর্টাল প্রিয় ডটকম ২৩ ফেব্রুয়ারি ‘ফ্রিল্যান্সার ভিডিও নাইট’ নামে বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। এ অনুষ্ঠানে ২০ জন ফ্রিল্যান্সার তাঁদের ফ্রিল্যান্সিং ক্ষেত্রের অভিজ্ঞতা জানান। প্রিয় ডটকমের এ আয়োজনে ফ্রিল্যান্সাররা ছাড়াও উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম, প্রথম আলোর উপ ফিচার সম্পাদক পল্লব মোহাইমেন, সাংবাদিক কাওছার আহমেদ, হাসান জাকির, ইল্যান্সের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান, ওডেস্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাহমুদ হাসান সানি। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রিয় ডটকমের সম্পাদক জাকারিয়া স্বপন।অনুষ্ঠানে ফ্রিল্যান্সাররা তাঁদের অভিজ্ঞতার বর্ণনার পাশাপাশি এ ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের সহযোগিতার দাবি করেন। অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম জানিয়েছেন, ফ্রিল্যান্সারদের মধ্যে থেকে আগামী দিনের উদ্যোক্তা বেরিয়ে আসবে। তাঁদের কাজ করার জন্য সকল প্রকার সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। পল্লব মোহাইমেন বলেন, ফ্রিল্যান্সাররা আমাদের দেশের জন্য গর্বের। তারা বিশ্বে বাংলাদেশকে তুলে ধরছে। তাই ফ্রিল্যান্সারদের সুবিধা নিশ্চিত করার জন্য সরকারের সহযোগিতা চান তিনি।জাকারিয়া স্বপনের ভাষ্য, ফ্রিল্যান্সারদের নিয়ে এ আয়োজনের উদ্দেশ্য হলো ফ্রিল্যান্সারদের নিজেদের একটি কমিউনিটি তৈরিতে সাহায্য করা। প্রিয় ডটকমের আয়োজনে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছে ‘আমার ফ্রিল্যান্সিং জীবন’ নামে ব্লগ প্রতিযোগিতা। তাঁরই একটা অংশ এই ভিডিও নাইট। ব্লগ প্রতিযোগিতায় সহযোগিতা করছে স্মার্ট টেকনোলজিস ও বাংলাদেশ অ্যাসোসিয়েশনস অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বা বেসিস।