ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণে সহায়তা করবে ইল্যান্স
ইন্টারনেটে আউটসোর্সিংয়ের কাজ করে এমন মুক্ত পেশাজীবীদের (ফ্রিল্যান্সার) প্রশিক্ষণ, কাজের মান উন্নয়ন, তুলনামূলক বেশি আয়সহ ইন্টারনেট বাজারের নানা বিষয়ে প্রশিক্ষণ দিতে এখন থেকে বাংলাদেশের ডেভসটিম ইনস্টিটিউট এবং আউটসোর্সিং কাজ পাওয়ার বিশ্বখ্যাত ওয়েবসাইট ইল্যান্স (www.elance.com) একসঙ্গে কাজ করবে। গতকাল মঙ্গলবার রাজধানীর বেসিস মিলনায়তনে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে। ইল্যান্সের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সাঈদুর মামুন খান ও ডেভসটিমের প্রধান নির্বাহী আল আমিন কবির এ চুক্তিতে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি এ কে এম ফাহিম মাশরুর, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসানসহ অনেকে।অনুষ্ঠানে সাঈদুর মামুন খান ইল্যান্সের মাধ্যমে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এতে জানানো হয়, রাজধানী ছাড়াও প্রতিটি জেলায় প্রশিক্ষণের ব্যবস্থা করবে ইল্যান্স ও ডেভসটিম। এর বাইরে অনলাইনে প্রতি ১০ দিনে একবার ভার্চুয়াল প্রশিক্ষণের কার্যক্রম ও ই-বুক তৈরি এবং ভিডিও প্রশিক্ষণ উপকরণ তৈরির কাজও চলবে। —জিয়াউর রহমান চৌধুরী