ফ্রিল্যান্সারে ফ্রিল্যান্সিং
ইন্টারনেটে ক্লিক করলেই অর্থ আয় করা যায় এমন ধারণা অনেকেরই থাকতে পারে। কিন্তু বাংলাদেশের সফল ফ্রিল্যান্সার আলী আজগরের মতে, ফ্রিল্যান্সিং এতটা সহজ নয়, ক্লিক করলেই টাকা আসবে এমন বিষয়ও নয়। ফ্রিল্যান্সিং করতে প্রয়োজন দক্ষতা আর ধৈর্য। চার বছর আগে আলী আজগর টুকটাক করে শুরু করেছিলেন ফ্রিল্যান্সিংয়ের কাজ। শুরুর দিকে সফল না হলেও একক প্রচেষ্টায় কাজ চালিয়ে গেছেন তিনি। সম্প্রতি ফ্রিল্যান্সার ডটকমে দুই হাজার ৬০০ প্রকল্প বা কাজ শেষ করেছেন তিনি।ফ্রিল্যান্সার সম্পর্কে আলী আজগর জানিয়েছেন, বাংলাদেশের অনেকেই এখন ফ্রিল্যান্সার ডটকম সাইটে কাজ করছেন আর প্রত্যাশার মতো আয় করতে পারছেন। কাজ জানেন বা কাজে দক্ষতা আছে এমন যে কেউ এ সাইটে কাজ করতে পারেন। তবে এক্ষেত্রে সাবধানী হতে হবে। বায়ার বা কাজদাতাকে জানতে হবে, সতর্ক হতে হবে যোগাযোগ ও আর্থিক লেনদেনের ক্ষেত্রে। আলী আজগর জানিয়েছেন, তাঁর কাজ মূলত সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে কোনো বায়ারের জন্য প্রচারণা চালানো। এক্ষেত্রে তিনি সফল। ফ্রিল্যান্সার ডটকমে যত ব্যবহারকারী আছেন তাঁর মধ্যে বর্তমানে তিনি ১২ নম্বরে আছেন। তবে একসময় তিনি শীর্ষে ছিলেন। এছাড়াও সামাজিক যোগাযোগের ক্ষেত্র হিসেবে ফেসবুক, টুইটার, টামবির, ইউটিউবের কাজের ক্ষেত্রে তিনি বাংলাদেশ থেকে শীর্ষে রয়েছেন। ফ্রিল্যান্সার ডটকম সাইটের ৫টি ক্যাটাগরি যথাক্রমে-কোয়ালিটি অব ওয়ার্ক, কমিউনিকেশন, দক্ষতা, কাজের আহ্বান, পেশাগত দক্ষতার ওপর তাঁর সফলতা শত ভাগ। এবার নিজে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন তিনি।অনলাইন মার্কেটপ্লেস ফ্রিল্যান্সার ডটকমে কাজ করে সফল হওয়া আলী আজগর নতুন ফ্রিল্যান্সারদের ফ্রিল্যান্সার ডটকমে কাজ করতে উত্সাহ দিচ্ছেন। তাঁর পরামর্শ হচ্ছে প্রোগ্রামিং, অ্যাপ্লিকেশন তৈরিসহ প্রযুক্তিনির্ভর কাজগুলো করার জন্য আমাদের দেশের ফ্রিল্যান্সাররা অনেক ভালো করতে পারবেন। এছাড়াও ফ্রিল্যান্সার ডটকমের বিভিন্ন ক্যাটাগরি বা শ্রেণীর কাজগুলো দেখে নিজের দক্ষতা বাড়ানো যায়। এরপর শুরু করা যায় কাজ।