ফ্রিল্যান্সিং সম্মেলনে বাংলাদেশে পেপল চালুর দাবি
এশিয়ার অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি আয়োজন ই-এশিয়ার শেষ দিনে গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় ‘ফ্রিল্যান্সিং সম্মেলন’। এতে বাংলাদেশের ফ্রিল্যান্স আউটসোর্সিং পেশাজীবীরা জোর গলায় আউটসোর্স কাজ করে পাওয়া অর্থ সহজে পাওয়ার জন্য বাংলাদেশে পেপল চালু করার দাবি জানান। সম্মেলনের প্রধান বক্তা ইন্টারনেটে ফ্রিল্যান্সিং কাজের সবচেয়ে বড় ওয়েবসাইট ওডেস্কের ভাইস প্রেসিডেন্ট ম্যাট কুপার পেপল কর্তৃপক্ষের সঙ্গে বিশেষভাবে কথা বলে বাংলাদেশে এই সেবা চালুর ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন। তিনি বলেন, ‘আমি নিজেই পেপল কর্তৃপক্ষের সঙ্গে আলাদাভাবে কথা বলব, যাতে তারা দ্রুত এ দেশে তাদের কার্যক্রম শুরু করে।’ আউটসোর্সিংয়ের কাজের জন্য ওডেস্ক একটি ভালো ক্ষেত্র। এখানে ঘণ্টা ধরে কাজ করার ওপর পারিশ্রমিক পাওয়া যায়। ফ্রিল্যান্সিং হচ্ছে এই সময়ে সবচেয়ে লোভনীয় কাজের মধ্যে একটি। এর মাধ্যমেই বাংলাদেশের বেকারত্ব দূর করা সম্ভব। এই কাজে সফল হতে হলে ইংরেজিতে দক্ষ হওয়ার প্রতিও জোর দেন ম্যাট কুপার। সম্মেলনে ক্রোয়েশিয়ার ফ্রিল্যান্সার বানার্ড বুর্সার বলেন, আমি খুব অল্প ডলারের কাজ দিয়ে এই ফ্রিল্যান্সিংয়ের কাজ শুরু করেছিলাম। কিন্তু কাজের মান ভালো হওয়ায় ধীরে ধীরে বিভিন্ন গ্রাহকের সংখ্যা বাড়তে থাকে। বাংলাদেশি ফ্রিল্যান্সার আল-আমিন বলেন, এ দেশে অনেক তরুণ নিজেদের যোগ্যতা থাকার পরও কাজ পাচ্ছে না। সে ক্ষেত্রে ফ্রিল্যান্সিং একটি ভালো মাধ্যম হতে পারে। যারা এই ক্ষেত্রে কাজ করতে আগ্রহী তাদের এ-সংক্রান্ত বিভিন্ন কাজে দক্ষ হয়ে কাজ শুরু করার পরামর্শ দেন তিনি।আলোচনা পর্বটি সঞ্চালনা করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ফাহিম মাশরুর। সম্মেলন শেষে বক্তাদের হাতে ক্রেস্ট তুলে দেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। সম্মেলন থেকে বেরিয়ে এসে প্রতিমন্ত্রী প্রথম আলোকে বলেন, বাংলাদেশে পেপলের কার্যক্রম শুরুর ব্যাপারে বাংলাদেশ ব্যাংক এর মধ্যে সম্মতি দিয়েছে, এদিকে পেপল কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের টাকা যাতে ঝামেলামুক্তভাবে সংগ্রহ করা যায়, সে জন্য যত তাড়াতাড়ি সম্ভব এ কার্যক্রম শুরু করা হবে বলে তিনি জানান। —মোছাব্বের হোসেন