ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ে রয়েছে উজ্জ্বল সম্ভাবনা। বিশ্বের বিভিন্ন দেশের মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সারদের পাশাপাশি বাংলাদেশিরা এগিয়ে যাচ্ছেন এবং ভালো করছেন। গত শুক্রবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২’ শীর্ষক আয়োজনে অনুষ্ঠিত ফ্রিল্যান্সার সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। সম্মেলনে বক্তব্য দেন আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, ফ্রিল্যান্সারদের সুবিধার জন্য বর্তমানে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া অর্থ আনার সহজ সুবিধার জন্য বাংলাদেশে পেপ্যাল চালুর উদ্যোগও এগিয়ে চলছে বলে জানান তিনি। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি এ কে এম ফাহিম মাশরুরের সঞ্চালনায় ফ্রিল্যান্সার সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য দেন ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের ওয়েবসাইট (অনলাইন মার্কেটপ্লেস) ওডেস্কের ভাইস প্রেসিডেন্ট অব অপারেশনস ম্যাট কুপার, ফ্রিল্যান্সারের ভাইস প্রেসিডেন্ট অব ইঞ্জিনিয়ারিং ডেভিড হ্যারিসন, ৯৯ডিজাইনসের মহাব্যবস্থাপক জেসন সু হোয়, ইল্যান্সের ইউরোপিয়ান ভাইস প্রেসিডেন্ট চেটিল জে ওলসেন, পরিচালক (বিপণন) এলেক্স ইউন, বেসিস নির্বাচিত ২০১১ সালের সেরা ফ্রিল্যান্সার এনায়েত হোসেনসহ অনেকে। বিকেলে সম্মেলনের সমাপনী আয়োজনে ফ্রিল্যান্সের নানা বিষয় নিয়ে আলোচনা করেন বেসিস ফ্রিল্যান্সার পুরস্কারজয়ী মারজান আহমেদ, সাঈদ ইসলাম, খোরশেদ আলম ও হাসান শাহরিয়ার। একই দিন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে ‘মিট দ্য লিডারস’ শীর্ষক আয়োজন। গতকাল শনিবার শেষ হয় বাংলাদেশ সরকারের আয়োজনে অনুষ্ঠিত ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২। শেষ দিনে অনুষ্ঠিত হয়েছে শিশুদের ডিজিটাল ওয়ার্ল্ড। এতে শিশুরা নিজেদের নানা বিষয়ে আলোচনা করে। এ আয়োজনে বক্তাও ছিল শিশুরা। এ ছাড়া অনুষ্ঠিত হয়েছে ‘টেক দ্য ব্যাক’ শীর্ষক আয়োজন। গতকাল বিকেলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি আইটি জিনিয়াস’ নামের চালু করা তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের ঋণ প্রদানের বিশেষ উদ্যোগের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে তথ্যপ্রযুক্তির উদ্যোক্তারা সহজে ঋণসুবিধা পাবেন। —নূরুন্নবী চৌধুরী