ফ্লাইট ৩৭০ নিখোঁজ ও নানা তত্ত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক নারী নিখোঁজ বিমানের যাত্রীদের জন্য প্রার্থনা করছেন। ছবি: এএফপি
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক নারী নিখোঁজ বিমানের যাত্রীদের জন্য প্রার্থনা করছেন। ছবি: এএফপি

৮ মার্চ মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট ৩৭০ কুয়ালালামপুর থেকে চীন যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায়। এই ফ্লাইটের গায়েব হয়ে যাওয়াটা এতই রহস্যজনক যে বারমুডা ট্রায়াঙ্গলের সঙ্গে তুলনা না ওঠাই বরং অস্বাভাবিক হতো। কিন্তু বারমুডা ট্রায়াঙ্গলের কাহিনি যেহেতু নিছক গল্প বলেই প্রমাণিত হয়েছে, সেহেতু এই তত্ত্ব ওয়াকিবহাল লোকের কাছে হালে পানি পাবে না। তাই বলে বিমানটির রহস্যজনকভাবে লাপাত্তা হওয়া নিয়ে হরেক রকম তত্ত্ব আর গল্পের জন্ম হওয়া থেমে নেই।
বারমুডা ট্রায়াঙ্গল রহস্যের কাহিনি হচ্ছে আটলান্টিক মহাসাগরের একটি স্থানে রহস্যজনকভাবে জাহাজ ও বিমান গায়েব হয়ে যেত। কিছুতেই আর সেগুলোর চিহ্নমাত্র মিলত না। এ জন্য নতুন ‘ভিয়েতনামি বারমুডা ট্রায়াঙ্গল’ তত্ত্ব দেওয়ার লোভ সামলাতে পারেননি মালয়েশিয়ার এক রাজনীতিক। কয়েক দিন আগে তিনি খুদে ব্লগ লেখার সাইট টুইটারে লেখেন, ‘ভিয়েতনামের উপকূলে নতুন বারমুডা ট্রায়াঙ্গলের সন্ধান পাওয়া গেছে। অত্যাধুনিক যন্ত্রপাতি কোনো কাজে আসছে না!’ তাঁর এ মন্তব্যে নিখোঁজ বিমানের আরোহীদের স্বজনসহ অনেকেই আহত হন। পরে ওই রাজনীতিক দুঃখ প্রকাশ করেছেন আলটপকা মন্তব্যের জন্য।
‘বারমুডা ট্রায়াঙ্গল’ কথাটা প্রথম ব্যবহার করা হয় ১৯৬৪ সালে। তবে দুনিয়াজুড়ে তা পরিচিত হয়ে ওঠে আরও এক দশক পর। মার্কিন লেখক চার্লস বারলিৎস এ নিয়ে বই লেখার পর। বারলিৎস মনে করতেন, হারিয়ে যাওয়া মহাদেশ আটলান্টিসের কাহিনি সত্যি। তাঁর বিশ্বাস ছিল, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের অদূরে জাহাজ ও বিমানের রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার সঙ্গে আটলান্টিসের একটা সম্পর্ক ছিল। এর পরের বছরগুলোয় এ রহস্য ব্যাখ্যা করার জন্য বহু মানুষ বহু তত্ত্ব দিয়েছেন। কেউ কেউ বারলিৎসের আটলান্টিসের ধারণাকে এক কাঠি এগিয়ে নিয়ে গিয়ে বলেছেন, সাগরতলে নিমজ্জিত ওই নগরই তার বিখ্যাত ‘স্ফটিক শক্তি’ ব্যবহার করে জাহাজ ও বিমান ডুবিয়ে দিচ্ছে। আরও আজব গল্পও ফেঁদেছেন কেউ কেউ। এর মধ্যে আছে ভিনগ্রহের প্রাণীদের কথা। সাগরতলে ভিনগ্রহের প্রাণীদের ঘাঁটি থাকার নানা গুজব ছড়িয়েছিল একসময়। কারও বা বিশ্বাস ছিল, এ রহস্যের পেছনে রয়েছে খুবই বিরল ভূতাত্ত্বিক বা পানিবিদ্যাবিষয়ক ঘটনা।
কেউ কেউ বলেছেন, মালয়েশীয় উড়োজাহাজটি সাগরের যে স্থানে নিখোঁজ হয়েছে, ভূগোলকে ঠিক তার বিপরীতেই বারমুডা ট্রায়াঙ্গল। তাঁরা বলছেন, এ কাকতালীয় মিলের বিষয়টি উড়িয়ে দেওয়ার মতো নয়। কথাটা হঠাৎ শুনলে রহস্যের গন্ধ চাগিয়ে উঠতেই পারে। কিন্তু মানচিত্র বা ভূগোলক নিয়ে বসুন, রহস্যের বেলুন চুপসে যেতে দেরি হবে না। বিমান অনুসন্ধানের জায়গাটি বারমুডা ট্রায়াঙ্গল নয়, বরং ক্যারিবীয় সাগরের বিপরীতে। কথিত বারমুডা ট্রায়াঙ্গলের অবস্থান ছিল উত্তর আটলান্টিকে। ভূগোলের ভুল না হয় বাদই দিন, ফ্লাইট ৩৭০ কোথায় নিখোঁজ হয়েছে, সেটাই এখনো পরিষ্কার নয়। বিধ্বস্ত হয়ে থাকলে তা দক্ষিণ চীন সাগর, মালয়েশিয়ার পশ্চিম উপকূল, এমনকি মধ্য এশিয়ার ঊষর প্রান্তর—যেকোনো স্থানেই ঘটে থাকতে পারে। সত্যি বলতে কি, অনুসন্ধানকাজে নিয়োজিত অনেকের সন্দেহ, সমুদ্রে নয়, বরং ভিয়েতনামের জঙ্গলাকীর্ণ পাহাড়ে বিধ্বস্ত হয়ে থাকতে পারে বিমানটি। বিমানটি ছিনতাই হয়েছে—এমন সম্ভাবনার কথাও কেউ উড়িয়ে দিচ্ছেন না। স্যাটেলাইটের তথ্য বলছে, শেষ বেতার যোগাযোগের পরও এটি বেশ কয়েক ঘণ্টা আকাশে ছিল। আর রওনা হওয়ার এক ঘণ্টা পর নির্ধারিত পথের উল্টোপানে ঘুরেছিল—এ কথা বলা হয়েছে অনেক আগেই। এ কারণে অনুসন্ধানের এলাকা বিশাল—বেশ কয়েক লাখ বর্গমাইল ভূখণ্ডজুড়ে।
বারমুডা ট্রায়াঙ্গলের সঙ্গে মিল খোঁজার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা অবশ্য এটাই যে বাস্তবে ওই রহস্যময় ত্রিভুজের অস্তিত্বই নেই। সত্তর দশকে সাংবাদিক ল্যারি কুসচে এ নিয়ে প্রচলিত ধারণা ভেঙে দেন। চার্লস বারলিৎস ও অন্যদের লেখা ‘রহস্যময় উধাওয়ের’ ঘটনাগুলো নতুন করে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে ল্যারি কুসচে প্রমাণ করেন, মূলত ভুল তথ্য, খামাখাই রহস্য খোঁজার প্রবণতা আর কয়েকটি ক্ষেত্রে স্রেফ গাঁজাখুরি গল্প ফাঁদাই বারমুডা ট্রায়াঙ্গলের কাহিনি ছড়ানোর জন্য দায়ী।
ল্যারি কুশচে তাঁর বই দ্য বারমুডা ট্রায়াঙ্গল মিস্ট্রি—সলভড-এ লিখেছেন, এ নিয়ে যাঁরা লেখালেখি করেছেন, তাঁদের মধ্যে খুব কমই সত্যিকারের কোনো অনুসন্ধান করেছেন। তাঁরা মূলত আগের অন্য লেখকদের দেওয়া তথ্যই নতুন করে তুলে ধরেছেন। আবার সেই আগের লেখকেরাও একই কাজ করেছেন। অনুসন্ধানে দেখা গেছে, সাগরতলের ওই সমাধিস্থলে চিরশয্যা নিয়েছে বলে কথিত কিছুসংখ্যক জাহাজ বা বিমানের বাস্তবে অস্তিত্বই ছিল না। তা ছিল স্রেফ লেখকের কল্পনায়। অনেক ক্ষেত্রে সেগুলোর অস্তিত্ব ছিল ঠিকই, কিন্তু প্রবল ঝড়ের কবলে পড়ার বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গল এলাকায় দুর্ঘটনার সংখ্যা। সাগরের ওই অঞ্চলে চলাচল করা জাহাজের সংখ্যা অনেক। সে কারণে সত্যিই কোনো রহস্যময় শক্তি সেখানে দুর্ঘটনা ঘটিয়ে থাকলে তুলনামূলকভাবে বেশি জাহাজডুবির ঘটনা ঘটার কথা। কিন্তু সেখানে জাহাজডুবি বা নিখোঁজের সংখ্যা মোটেই অস্বাভাবিক নয়।
ফ্লাইট এমএইচ৩৭০-এর নিখোঁজ হওয়ার ঘটনা এ পর্যন্ত গভীর রহস্যের ঘেরাটোপে ঢাকা। কিন্তু তার মানেই এই নয় যে উড়োজাহাজটির ভাগ্যে ব্যাখ্যাতীত বা অতিপ্রাকৃত কিছু ঘটেছে। অনুসন্ধানের স্থানটি যেমন বিশাল, তেমন প্রত্যন্ত। তা ছাড়া সমুদ্রস্রোত ভগ্নাবশেষ বহুদূর পর্যন্ত সরিয়ে দিতে পারে। যে বড় মাপে তল্লাশি অভিযান চলছে, এ রহস্যের জবাব মিলতে পারে যেকোনো দিন।
গতকাল পাওয়া খবর অনুযায়ী, স্যাটেলাইট চিত্রে দক্ষিণ ভারত মহাসাগরে দুটি বস্তু দেখা গেছে, যেগুলো নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ হতে পারে বলেমনে করা হচ্ছে। সত্যিই যদি ওই দুটি বস্তু নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ হয়,তাহলে অবসান ঘটবে আপাত রহস্যের।
সূত্র: লাইভ সায়েন্স ও বিভিন্ন বার্তা সংস্থা