ফ্লিকার সাজছে নতুন করে
নতুন করে সাজছে ছবি শেয়ার ও সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফ্লিকার। ২৮ ফেব্রুয়ারি নতুন ডিজাইন বা নকশায় সাজবে ফ্লিকার। ফ্লিকারের নতুন নকশাটির সঙ্গে ওয়েবে সামাজিক যোগাযোগের জনপ্রিয় সেবা পিন্টারেস্টের সাদৃশ্য আছে বলে এক খবরে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল।ইয়াহুর অধীন এই ওয়েবসাইটটির কর্মকর্তা মারকাস স্পিয়ারিং জানিয়েছেন, সামাজিক যোগাযোগ ও মোবাইল কম্পিউটিংয়ে আগ্রহ বেড়ে যাওয়ায় জীবনযাপনে পরিবর্তন এসেছে। আর পরিবর্তিত এ জীবনের সঙ্গে মানিয়ে নিতেই নতুন করে সাজানো হচ্ছে ফ্লিকারকে ।মারকাস আরও জানিয়েছেন, ফ্লিকারে ‘জাস্টিফায়েড ভিউ’ নামের ছবি শেয়ার করার নতুন একটি পদ্ধতি যোগ করা হয়েছে। এ ফিচারটি ফ্লিকার ব্যবহারকারীর সর্বশেষ আপলোড করা ছবিগুলো আলাদা ফাইল আকারে দেখায়। ছবি দেখানোর জায়গাটি আরও বড় করা হয়েছে, ফলে পুরোনো নকশায় যে ফাঁকা জায়গাটি চোখে পড়ত; তা পূরণ হয়ে যাবে। এতে লেখা কমিয়ে ছবির আকার বড় করা হয়েছে। এ ছাড়াও ছবির ওপর মাউস রাখলে ট্যাগসহ অন্যান্য তথ্য দেখার সুবিধাও যুক্ত হচ্ছে ফ্লিকারে। এ পদ্ধতি অনেকটাই ফেসবুক ও গুগল প্লাসের এখনকার ছবি দেখার অপশনটির মতোই।ফ্লিকারের নতুন নকশায় ছবি আপলোড করার জন্য ‘আপলোডার’ নামে একটি ফিচারও যুক্ত হবে। ব্যবহারকারীরা এ ফিচারের সাহায্যে ‘ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ’ পদ্ধতিতে ছবি আপলোড করতে পারবেন। এ ছাড়াও ছবির আকার পরিবর্তনের জন্য যুক্ত হচ্ছে ‘ফটোস্ট্রিম’ নামের একটি ফিচার।প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বেটাবিটকে দেওয়া এক সাক্ষাত্কারে ফ্লিকারের কর্মকর্তা মারকাস স্পিয়ারিং জানিয়েছেন, মোবাইল প্ল্যাটফর্মে ফ্লিকারের নকশায় পরিবর্তনের জন্য আলাদা পরিকল্পনা রয়েছে।ছবি শেয়ারের জনপ্রিয় ওয়েবসাইট ইনস্টাগ্রাম, পিকাসা ও সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক, গুগল প্লাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ফিরে আসার আশা করছে ফ্লিকার কর্তৃপক্ষ।