সহজে ব্যবহার উপযোগী ওয়েবসাইট দেখার সফটওয়্যার ফ্লোকের উন্নত সংস্করণ বের হয়েছে। সম্প্রতি প্রকাশিত নতুন এ সংস্করণে কিছু মুক্ত সোর্স কোড যুক্ত হয়েছে, যা গুগলের জনপ্রিয় ব্রাউজার ক্রোমেও রয়েছে। ২০০৮ সালে প্রথম ওয়েব নেভিগেশন সুবিধাসহ যাত্রা শুরু হয় ফ্লোকের। যার নির্দিষ্ট সার্চ ইঞ্জিন হিসেবে রয়েছে গুগল। মজিলা ফাউন্ডেশনের ফায়ারফক্স কোডবেসে তৈরি ফ্লোক এখন পর্যন্ত প্রায় এক কোটি সাত লাখ বারবার নামানো হয়েছে (ডাউনলোড)। ফ্লোকের প্রধান নির্বাহী শান হার্ডিন আশা করছেন, নতুন এ উন্নত সংস্করণটি আগামী বছরের মধ্যে সাত কোটিবার নামাবেন ব্যবহারকারীরা। নতুনভাবে ওয়েবসাইট লোড সময়টা বাড়াতে উন্নত এ সংস্করণে যুক্ত হয়েছে বেশ কিছু অনলাইন সোশ্যাল টুলস। ওয়েব ২.০ সমর্থিত ফ্লোক ব্রাউজারটি বর্তমানে মাইক্রোসফট উইন্ডোজ, ম্যাক অপারেটিং সিস্টেম ও মুক্ত অপারেটিং সিস্টেম লিনাক্স সমর্থন করে। তৃতীয় পক্ষের তৈরি প্রোগ্রামের (অ্যাড-অন) পাশাপাশি ফ্লোকে জনপ্রিয় মুক্ত ওয়েবসাইট দেখার সফটওয়্যার ফায়ারফক্সের বেশ কিছু প্রোগ্রামও কাজ করে। বিনা মূল্যে নামিয়ে ব্যবহার করা যায় ব্রাউজারটি, যা দেখতে অনেকটা ফায়ারফক্সের মতোই। সব মিলিয়ে ব্যবহারকারীর নতুন এ উন্নত সংস্করণে নতুন সুবিধা পাবে, যা ওয়েবসাইট দেখার সুবিধাকে বাড়িয়ে দেবে অনেক গুণ, এমনই মনে করছেন বিশেষজ্ঞরা। —সেইটলিপাই ডট কম অবলম্বনে নুরুন্নবী চৌধুরী