ফ্লোরার স্বপ্নের সাইকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজিয়া ফ্লোরা রজার চলছেন অফিস পথে, যান তাঁর সাইকেল। ছবি: অধুনা
কাজিয়া ফ্লোরা রজার চলছেন অফিস পথে, যান তাঁর সাইকেল। ছবি: অধুনা

স্কুলে পড়ার সময় থেকেই সাইকেল নামের দ্বিচক্রযানে চড়ার স্বপ্ন দেখত মেয়েটি। বহু কান্নাকাটি করেও গলাতে পারেনি বাবার বরফ-মন। ‘মেয়েদের সাইকেল চালাতে হয় না’—বাবার এই কথার মানে বোঝেনি ছোট সেই মেয়ে। দুরন্ত মেয়েটির সাইকেলের বায়না পূরণ হয়নি। পরে অবশ্য দমে যাননি ফ্লোরা। লুকিয়ে লুকিয়ে এর থেকে-ওর থেকে ধার করে সাইকেল চালানোর কয়েক দফা চেষ্টা চালালেন কিছুদিন। কিন্তু শেষ পর্যন্ত তাঁর সাইকেল চালানো আর শেখা হলো না। পড়ালেখা হলো। চাকরি হলো। বিয়ের পাটও চুকল।
সাইকেল চালানোর ইচ্ছাটা রয়েই গেল মনে মনে। তবে ‘ইচ্ছা থাকলে উপায় হয়’-এর ভাবসম্প্রসারণ করতে আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি তাঁকে। স্বামী জন জোনাথন গমেজের উৎসাহে পূরণ হলো সাইকেলের স্বপ্ন। কাজিয়া ফ্লোরা রজার শুধু যে শখ পূরণ করতেই সাইকেল চালানো শুরু করলেন তা নয়, বরং এই সাইকেলই হয়ে উঠেছে তাঁর কর্মস্থলে যাওয়ার নিত্যসঙ্গী। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের এই ফিন্যান্স অফিসার তাঁর কর্মস্থলেও বেশ প্রশংসা কুড়িয়েছেন প্রতিদিন মোহাম্মদপুর থেকে সাইকেলে করে গুলশান-১-এর কর্মস্থলে যাতায়াতের জন্য। ১০ মাস বয়সী কন্যা রোদশীকে সকালে মায়ের বাসায় রেখে ফ্লোরা ও জোনাথন একসঙ্গেই সাইকেল নিয়ে বের হন কর্মস্থলের উদ্দেশে। ফ্লোরা জানান, ঢাকা শহরের যেকোনো যানবাহনের চেয়ে একটি মেয়ের জন্য সাইকেলে চলাচল করা সুবিধাজনক। এতে একদিকে যেমন সময় বাঁচে, আবার ভালো ব্যায়ামও হয়।
ফ্লোরার সাইকেলের চলাচলের পথটি যে সব সময় কুসুমাস্তীর্ণ থাকে, তা নয়; প্রায়ই তাঁকে লোকজনের বিরূপ দৃষ্টি ও মন্তব্যের শিকার হতে হয়। তিনি বিশ্বাস করেন, তাঁরা আমাদের সমাজের গুটিকতক মানুষ, যাঁরা এখনো মনে করেন—মেয়েদের সাইকেল চালানো ঠিক নয়। ফ্লোরার বাবা আজ সে দলের কেউ নন। এমনকি তিনি তাঁর অন্য মেয়েদেরও সাইকেল চালাতে উৎসাহ জুগিয়েছেন। বিষয়টি সুন্দরভাবে গ্রহণ করেছে ফ্লোরার শ্বশুরবাড়ির সবাইও। ফ্লোরা বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারতে মেয়েরা নির্বিঘ্নে সাইকেলে চলাচল করছে। আমাদের দেশের মেয়েরাও এগিয়ে আসতে পারে। তবে যাঁরাই সাইকেল নিয়ে পথে বের হবেন, তাঁরা আগে ভালোমতো সাইকেল চালানোটা অনুশীলন করে নিন। সাইকেল চালানোর সময় মাথা ঠান্ডা রেখে দেখেশুনে চালাতে হবে। সালোয়ার-কামিজ পরে সাইকেল চালানোর সময় ওড়নাটি অবশ্যই ঠিকমতো আটকে নিন। নতুবা বিপদের আশঙ্কা থাকতে পারে।’
ফ্লোরা স্বপ্ন দেখেন এ দেশে সাইকেলের জন্য একটি পৃথক লেনের। যে পথ দিয়ে ফ্লোরা আর জোনাথন তাঁদের ছোট্ট পরি রোদশীকে নিয়ে একসঙ্গে সাইকেলে ঘুরে বেড়াবেন এ শহরের আনাচকানাচের সব কটি গলিপথ।