ওয়েবসাইটে অ্যানিমেশন ও নকশা, ওয়েব অ্যাপ্লিকেশনের মতো বড় বড় ফাইল চালাতে অ্যাডোব ফ্ল্যাশ প্লেয়ার ব্যবহার করা যায়। আর তা বিনা মূল্যেই। ওয়েবসাইট দেখার সফটওয়্যারে (ব্রাউজার) একটি ছোট প্রোগ্রাম বা প্লাগ-ইন হিসেবে ফ্ল্যাশ চালানো হয়। মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোমের মতো এখনকার আধুনিক সব ব্রাউজারেই ফ্ল্যাশ প্লেয়ার আগে থেকেই ইনস্টল করা থাকে। ফ্ল্যাশ প্লেয়ারটিতে সময়ে সময়ে বিভিন্ন নিরাপত্তা ত্রুটি সারাতে কিছুদিন পরপর এর হালনাগাদ সংস্করণ প্রকাশ করা হয়। কারণ ফ্ল্যাশ প্লেয়ারের ত্রুটি কাজে লাগিয়ে অনলাইন দুষ্কৃতকারীরা উদ্দেশ্যমূলকভাবে ব্যবহারকারীদের সিস্টেমে ভাইরাস, ম্যালওয়্যার বা এ রকম ক্ষতিকর প্রোগ্রাম ইনস্টল করে থাকে। অ্যাডোব ফ্ল্যাশ প্লেয়ার নিয়ে তাই ব্রাউজার নির্মাতাদের থাকে নানা অভিযোগ। অবশেষে গুগল কর্তৃপক্ষÿফ্ল্যাশ প্লেয়ারে চলে, এমন কোনো ওয়েবসাইট তাদের ক্রোম ব্রাউজার থেকে প্রদর্শন করবে না বলে ঘোষণা দেয়। তার বদলে হাইপার–টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা এইচটিএমএল ৫ দিয়ে এর বিকল্প কাজ চালানো হয়।
ইন্টারনেট ব্যবহারকারীদের অনেকেই অ্যাডোব ফ্ল্যাশ নিয়ে বিভিন্ন সময় ঝামেলায় পড়েন। কারও ক্ষেত্রে হয়তো কম্পিউটারে ইনস্টল করা ব্রাউজারটি অনেক পুরোনো। ফলে অনেক ওয়েবসাইটে গিয়ে অডিও, ভিডিও বা অ্যানিমেশন আছে এমন ফাইল বা অ্যাপ্লিকেশনগুলো চলে না।
শকওয়েভ ফ্ল্যাশ (ফায়ারফক্স এবং ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য এটাই ফ্ল্যাশ প্লেয়ারের নাম) ইনস্টল না থাকলে অনেকে মাইক্রোসফটের তৈরি নিজস্ব ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে ওয়েবসাইট দেখতে গিয়ে এমন সমস্যা পড়ে থাকেন। ব্রাউজারের সঙ্গে বা আলাদাভাবে উইন্ডোজের গুচ্ছ সফটওয়্যার হিসেবে এটা ইনস্টল করতে হয়। আবার সবশেষ হালনাগাদকৃত ফ্ল্যাশ প্লেয়ার ইনস্টল করা থাকলেও ইন্টারনেট ব্যবহারে অনভিজ্ঞতার কারণে কেউ কেউ একটি খুবই পরিচিত একটি ফাঁদে পড়তে পারেন। ওয়েবসাইট দেখার সময় হঠাৎ একটি বার্তা এসে বলতে পারে আপনার ফ্ল্যাশ প্লেয়ারটি হালনাগাদ করা নেই। এ জন্য এটি হালনাগাদ করার জন্য একটি বার্তা প্রদর্শন করতে থাকবে।
আসল সমস্যাটা এখানেই। কোনো কারণে সিস্টেমে ফ্ল্যাশ প্লেয়ার ইনস্টল করা না থাকলে ভারী বিষয়বস্তু দেখার জন্য এটি ইনস্টল করতে ব্রাউজার একটি বার্তা দেখায়। ঠিক এই কৌশলটাই হ্যাকাররা কাজে লাগায়। এ রকম বার্তা এলে সেটি এড়িয়ে যান। ব্রাউজারে প্রদর্শিত বার্তার কোনো বোতামে ক্লিক করবেন না। অ্যাডোব ফ্ল্যাশ প্লেয়ার শুধু অ্যাডোবের ওয়েবসাইটের https://get.adobe.com/flashplayer ঠিকানা থেকেই নামানো উচিত। ইনস্টল নাউ বোতামে ক্লিক করার আগে অপশনাল অফার থেকে টিক উঠিয়ে দিতে পারেন।