বই আকারে উইকিপিডিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ বিশ্বকোষ উইকিপিডিয়া। ইন্টারনেটে এটি খুবই জনপ্রিয়। এর প্রতিটি নিবন্ধ লেখা ও সম্পাদনার কাজ করেন একাধিক লেখক ও সম্পাদক। যাচাই করা সঠিক তথ্যসূত্র উল্লেখ থাকায় নিবন্ধের মান নিয়েও সন্দেহের কোনো অবকাশ নেই। উইকিপিডিয়া সিডি ও ডিভিডি প্রকল্পের মাধ্যমে ইন্টারনেট ছাড়াও এ বিশ্বকোষ ব্যবহারের কিছু পদ্ধতি রয়েছে। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়তে থাকলেও এখনো সব জায়গায় এটি সহজলভ্য নয়। আবার কম্পিউটার বা স্মার্টফোনের মনিটর থেকে পড়ার চেয়ে ছাপানো বই পড়াতে অনেকেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই বিষয়গুলো লক্ষ রেখেই উইকিপিডিয়ার প্রোগ্রামাররা বুক ক্রিয়েটর নামে একটি প্রোগ্রাম তৈরি করেছেন। এটি ব্যবহার করে উইকিপিডিয়া থেকে পছন্দের নিবন্ধগুলো নির্বাচন করে ছাপানোর উপযোগী বই তৈরি করা যায়। http://en.wikipedia.org/wiki/Special:Book ঠিকানার ওয়েবসাইটে বই তৈরি করার সুবিধাটি পাওয়া যাবে। এ ছাড়া উইকিপিডিয়ায় যেকোনো নিবন্ধ খোলা হলে এর বাঁ পাশের প্যানেলে ‘ক্রিয়েট এ বুক’ বা ‘বই তৈরি করুন’ নামের অপশন দেখা যায়। এটি ব্যবহার করেও বই তৈরি করার কাজটি শুরু করা যাবে। বইয়ের শিরোনাম, অধ্যায়ের নাম এবং এর অধীনের নিবন্ধগুলো অন্তর্ভুক্ত করতে পারবেন ব্যবহারকারী নিজেই। বই তৈরি করার টুলটি চালু করার পর কোন পৃষ্ঠার লিংকসমূহে মাউস পয়েন্টার রাখা হলে সেই নিবন্ধটি বইতে যুক্ত করার অপশন দেখা যাবে। এ ছাড়া যে বিষয়ে বইটি তৈরি করা হচ্ছে সেটির সঙ্গে সংগতিপূর্ণ অন্যান্য নিবন্ধ খুঁজে পাওয়ার জন্য Suggest pages নামের অপশনটি ব্যবহার করা যেতে পারে। তৈরি করা শেষ হলে বইটি পিডিএফ বা ওডিটি (Open Document Text) ফরম্যাটে নামানো যাবে (ডাউনলোড)। সেই সঙ্গে ব্যবহারকারী পাতার সঙ্গে সংযুক্তি হিসেবে প্রকাশ করা যাবে অন্যদের ব্যবহারের সুবিধার জন্য। বই তৈরি করা ছাড়াও নিবন্ধগুলো আলাদাভাবে নামানো বা ছাপার উপযোগী সংস্করণ হিসেবে সংরক্ষণের অপশনগুলো ব্যবহার করা যাবে Downlaod as PDF এবং Printable version নামের অপশনটি ব্যবহার করে। বই তৈরি অথবা এই টুলটি সম্পর্কে বিস্তারিত http://en.wikipedia.org/wiki/Help:Books ঠিকানার ওয়েবসাইটে পাওয়া যাবে। —নাসির খান