প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বইমেলাতে নানান পদের
লেখক পাবেন খুঁজে
ক্রিকেট খেলার ছাঁচে আসুন
তাদের নেব বুঝে!
কেউ বা আছেন ড্যাশিং খুবই
সেঞ্চুরি হয় দ্রুত
(আশীর্বাদের হাতটি তাদের
আমায় যদি ছুঁতো!)
সেঞ্চুরিতেই থামেন তারা?
মোটেই না বস তারা—
হাজারটাজার পার হয়েও
থাকেন ক্রিজে খাড়া!
তাদের ইনিংস চলতে থাকে
হন না মোটে আউট
তাদের মেধা অসাধারণ—
কারোর আছে ডাউট?
কেউ অভিষেক ম্যাচেই আবার
ফেলেন সাড়া খুবই
এদের জীবন সত্যি যেন
বিখ্যাত এক মুভি!
কেউ বা খেলেন টেস্ট-আদলে
বাড়েন ধীরে ধীরে
সময় যত বাড়ে ততই
পাঠক আসে ফিরে!
কেউ বা আবার কপালপোড়া
অভিষেকের পর—
বাদ পড়ে যান। অপাঙ্ক্তেয়
থাকেন জীবনভর!
কেউ বা প্রথম ম্যাচের পরেই
গেছেন অবসরে
অবিক্রীত বইয়ের কপি
পোকায় কাটে ঘরে!
কেউ বা আছেন অকারণেই
পান মিডিয়ার ফেভার
এরাই হলেন যোগ্যতর
কারণ, এরা ক্লেভার!
কেউ বা আবার নিষিদ্ধ হন
‘অবৈধ অ্যাকশনে’
তাদের পাপের মাশুল দেখি
পাবলিশারও গোনে!