বইমেলায় লেগেছে তথ্যপ্রযুক্তির ছোঁয়া
বইমেলায় কম্পিউটারের বই প্রকাশ বা বিক্রি শুধু নয়, পুরো আয়োজনে আছে তথ্যপ্রযুক্তির ব্যবহার। বাংলা একাডেমী প্রাঙ্গণে চলমান অমর একুশে গ্রন্থমেলা ২০১১-এ তথ্যপ্রযুক্তির বইয়ের প্রকাশের হার অন্য বছরের চেয়ে বেশি। পাশাপাশি এবার তথ্যপ্রযুক্তির নানামুখী ব্যবহারও দেখা যাচ্ছে।মেলায় প্রবেশমুখের কিছুটা সামনে একটি স্টল ঘিরে অনেক মানুষের জটলা। গাজীপুরের আহসান ফেরদৌস প্রতিদিন বই মেলায় আসতে পারেন না। এ পর্যন্ত কী কী নতুন বই এসেছে, এর তালিকা খুঁজছেন তিনি। তাঁর সমস্যার সমাধান পাওয়া গেল প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশনের (এটুআই) স্টলে। এখানে দুটি স্পর্শকাতর পর্দার (টাচস্ক্রিন) কম্পিউটারের মাধ্যমে প্রতিদিন মেলায় আসা বইয়ের তালিকা, মানচিত্রের মাধ্যমে বিভিন্ন স্টলের অবস্থান, এ পর্যন্ত যারা একুশে পদক পেয়েছেন তাঁদের তালিকা ছাড়াও খ্যাতিমান ব্যক্তিদের ছবি দেখা যাচ্ছে। দর্শকদের সাহায্য করার জন্য এখানে বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক কাজ করছেন।এবার গোটা বইমেলাকে তারবিহীন ইন্টারনেটের আওতায় আনা হয়েছে। এই সেবা দিয়েছে ওয়াইম্যাক্স ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠান বাংলালায়ন। ফলে মেলার যেকোনো জায়গা থেকে ল্যাপটপ বা অন্য কোনো যন্ত্র দিয়ে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে।বাংলা একাডেমীর ওয়েবসাইটেও (www.banglaacademy.org.bd) বাংলা একাডেমী, ভাষা আন্দোলনসহ নানা ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। বাংলা একাডেমীর উপপরিচালক (জনসংযোগ) মুরশিদ আনোয়ার জানান, ‘আমাদের ওয়েবসাইটটি বিশ্বমানের আদলে তৈরির কাজ চলছে। এটি পুরোপুরি তৈরি হলে এখান থেকে বাংলা একাডেমীর সব তথ্য, বিভিন্ন বইয়ের তালিকা, লেখকদের জীবনী, ঐতিহাসিক তথ্যসহ সাম্প্রতিক ঘটনাবলির খোঁজখবর পাওয়া যাবে।বইমেলায় তথ্যপ্রযুক্তির নানা রকম বই এসেছে শুরু থেকেই। তাম্রলিপি প্রকাশ করেছে তামিম শাহিরয়ার সুবিনের কম্পিউটার প্রোগ্রামিং (১৮০ টাকা)। জ্ঞানকোষ প্রকাশনী নিয়ে এসেছে বেশ কিছু নতুন বই। এসবের মধ্যে আছে খালেকুজ্জামান এলজীর থ্রিডি মডেলিং অ্যান্ড অ্যানিমেশন (দাম ৪৫০ টাকা), বাপ্পী আশরাফের ইলাস্ট্রেটর এবং ডিজাইন, কোরেল ড্র এবং ফটো পেইন্ট (৪৫০টাকা), মো. আজিজুর রহমানের সফটওয়্যার ইনস্টেলেশন ও ব্যবহার (২৫০ টাকা), সুহূদ সরকারের সিসকো নেটওয়ার্কিং (৩৪০ টাকা), মো. মিজানুর রহমানের অ্যাডভান্সড জুমলা (২৪০ টাকা), মোজাহেদুল ইসলাম ঢেউয়ের কম্পিউটার হার্ডওয়্যার গাইড (৩০০ টাকা)। সিসটেক পাবলিকেশন্স লি. বের করেছে তামনুন ই মুরসালিনের সি ফর কনটেস্টস (৩৯০ টাকা), মাহবুবুর রহমানের কম্পিউটার অপারেশন গাইড ও মাস্টারিং ইন্টারনেট (৪৫০ ও ৩৫০ টাকা) এবং ট্যালি (৩৯০ টাকা), মোহাম্মদ ইশতিয়াক জাহানের ওয়ার্ডপ্রেস (২৫০ টাকা)। —মোছাব্বের হোসেন ও আব্দলুল্লাহ আলা রাশেদ