বইয়ের খবর নিয়ে ওয়েবসাইট
বইবিষয়ক নানা তথ্য নিয়ে তৈরি হচ্ছে বিশেষ ওয়েব ম্যাগাজিন বইনিউজ২৪ (www.boinews24.com)। ওয়েবসাইটটি হবে লেখক-পাঠক ও প্রকাশকদের একটি মিলনকেন্দ্র। এতে প্রতিদিন দুটি দেশি ও দুটি বিদেশি বইয়ের তথ্য দেওয়া হবে। আর প্রতি সপ্তাহে থাকবে একজন লেখকের পরিচিতিমূলক সাক্ষাৎকার। দুই মাস সময় নিয়ে নতুন এ ওয়েবসাইটটি তৈরি করা হবে। গত শনিবার রাজধানীর আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটের চলচ্চিত্রকেন্দ্রে ওয়েবসাইটটির পক্ষ থেকে আয়োজিত ভাবনাবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। এ সময় নিজেদের ভাবনাবিনিময় করেন আলোকচিত্রী নাসির আলী মামুন, লেখক নুরজাহান বোস, বইনিউজ২৪-এর সম্পাদক রবীন আহসানসহ আরও অনেকে। রবীন আহসান বলেন, ‘এখনকার দিনে ওয়েব ম্যাগাজিন জনপ্রিয় হচ্ছে। মানুষ একসময় তালপাতায় লিখত, এখন ল্যাপটপে লিখছে। প্রযুক্তির কল্যাণে বদলে যাওয়া এ ধরনকেই সাহিত্যের নতুন মাধ্যম হিসেবে বেছে নিতে হবে।’জানা যায়, ওয়েবসাইটটিতে নতুন বইয়ের সংবাদ, বই আলোচনা-সমালোচনা, পাঠকের প্রতিক্রিয়া, লেখকের সাক্ষাৎকার, সারা দেশের বইয়ের দোকানের ঠিকানা, প্রকাশনা সংস্থার পরিচিতি, বইমেলা সংবাদ, বইয়ের প্রকাশনা অনুষ্ঠান, বিজ্ঞাপন, বই নিয়ে প্রবন্ধসহ নানা বিষয় থাকবে। এ ছাড়া লেখকদের জন্মদিন-মৃত্যুবার্ষিকীতে তাঁদের বই ও জীবনের ওপর আলোচনাও প্রকাশ করা হবে। —জিয়াউর রহমান চৌধুরী