আজকাল বইয়ের সঙ্গে অনেক কিছু ফ্রি দেওয়া হচ্ছে। কোন বইয়ের সঙ্গে কী ফ্রি দেওয়া উচিত, কেন দেওয়া উচিত তা ব্যাখ্যাসহ তুলে ধরেছেন বিশিষ্ট গবেষক আদনান মুকিত
হাসবি না কইলাম!
হাসমত আলী
দারুণ অফার!
এই বইমেলায় জনপ্রিয় লেখক হাসমত আলীর দম ফাটানো হাসির উপন্যাস হাসবি না কইলাম কিনলেই উপহার হিসেবে পাচ্ছেন পঙ্গু হাসপাতালে ফ্রি চেকআপের অপূর্ব সুযোগ।
ব্যাখ্যা
এই উপন্যাসটি এতই হাসির যে হাসতে হাসতে আপনি খাট থেকে মাটিতে পড়ে যেতে পারেন এবং শরীরের বিভিন্ন স্থানের হাড্ডি লাইনচ্যুত হতে পারে। তবে নো চিন্তা! বইটির সঙ্গে পাচ্ছেন পঙ্গু হাসপাতালে ফ্রি চেকআপের লাকি কুপন।
তোমার দুঃখে আমিও দুঃখী
দুখু মিয়া
দুখু মিয়ার নতুন উপন্যাস তোমার দুঃখে আমিও দুঃখী
হৃদয়বিদারক! মর্মান্তিক! এক তরুণ ও এক তরুণীর জীবনে ঘটে যাওয়া করুণ কাহিনি জানতে হলে আজই কিনুন!
শেষ কবে কেঁদেছেন মনে আছে কি? এ বইটি আপনাকে কাঁদাবে!
পাঠকের হৃদয় ছুঁয়ে যাওয়া দারুণ এই উপন্যাসটি কিনলেই পাচ্ছেন পুরো এক প্যাকেট ওরস্যালাইন!
স্টল নম্বর ৪৪
আজই আসুন!
ব্যাখ্যা
মারাত্মক দুঃখের এই উপন্যাসটি পড়লে আপনি কাঁদতে বাধ্য হবেন। প্রতি পৃষ্ঠায় পেতে হবে কষ্টের স্বাদ! কাঁদতে কাঁদতে আপনার চোখের সব পানি শেষ হয়ে যাবে। শরীরে সৃষ্টি হবে পানিশূন্যতা। তাই পানিশূন্যতা থেকে বাঁচতে আমরা দিচ্ছি বিএসটিআই অনুমোদিত ওরস্যালাইন, পানিশূন্যতায় আপনার বিশ্বস্ত বন্ধু!
তুই খাড়া,
আমি আইতাছি
জ্বলন্ত খলিল
জ্বলন্ত খলিলের নতুন কিশোর অ্যাডভেঞ্চার
একুশে বইমেলার বেস্ট সেলার!
টান টান উত্তেজনা, রোমহর্ষক মুহূর্ত আর দুর্ধর্ষ দুরন্ত অ্যাডভেঞ্চারের কাহিনি
নিয়ে এমন উপন্যাস এর আগে কেউ লেখেনি
তুই খাড়া, আমি আইতাছি
উপন্যাসের সঙ্গে পাচ্ছেন দুটি ভিন্ন স্বাদের জুসপ্যাক, একদম ফ্রি!
ব্যাখ্যা
টান টান উত্তেজনাময় কাহিনির এই অ্যাডভেঞ্চার উপন্যাসটি পড়ার সময় মনেই হবে না যে আপনি বই পড়ছেন। মনে হবে উপন্যাসের চরিত্রগুলোর সঙ্গে আপনিও ছুটে চলেছেন বন-জঙ্গল পেরিয়ে মরুভূমির দিকে। যেখানে সূর্যের প্রচণ্ড তাপে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা! ওই সময়ে এই ফ্রি পাওয়া জুস আপনাকে দেবে পরম শান্তি।
বোরহান ওমুক
ভূতের কিল
সুখবর! সুখবর!
বোরহান অমুক রচিত প্রথম ভৌতিক উপন্যাস ভূতের কিল কিনলেই পাচ্ছেন একটি আকর্ষণীয় চিরুনি! একদম ফ্রি।
খবরদার! গভীর রাতে এই বইটি পড়বেন না! ভয় পাবেন, সত্যি সত্যি ভয় পাবেন।
বইটি এতই ভয়ের যে সন্ধ্যার পর আমরা এটা বিক্রি করি না। কিনতে চাইলে সন্ধ্যার আগেই আসুন!
সতর্কতা: শিশু ও বৃদ্ধদের নাগালের বাইরে রাখুন।
ব্যাখ্যা
মারাত্মক ভয়ের এই উপন্যাসটি পড়লে প্রচণ্ড ভয়ে আপনার মাথার চুল খাড়া হয়ে যাবে। তাই খাড়া চুল আগের অবস্থানে ফিরিয়ে আনার জন্যই আমরা দিচ্ছি একটি আকর্ষণীয় চিরুনি! বিভিন্ন কালার আছে, বাইচ্ছা লন!
এ সমাজ আমি চাই না,
তুমি কি চাও?
গোল্লা হাফিজ
অসাধারণ একটি কবিতার বই! প্রতিটি কবিতাই আপনাকে নিয়ে যাবে ভাবনার বিশাল জগতে।
সমাজের অন্যায়ের প্রতি আপনার বিক্ষিপ্ত মনকে কেন্দ্রীভূত করে গড়ে তুলবে এক বিদ্রোহী চেতনা!
কবি গোল্লা হাফিজের প্রথম লেখা বইটি কিনলেই সঙ্গে পাবেন উন্নত মানের এক বোতল কদুর তেল।
ব্যাখ্যা
কবির কবিতাগুলো পড়লেই আপনার রক্ত গরম হয়ে যাবে। ঘুণে খাওয়া সমাজের প্রতি প্রচণ্ড রাগে-ক্ষোভে আপনি হবেন বিদ্রোহী, আর আপনার মাথা হয়ে যাবে গরম। সেই গরম মাথা ঠান্ডা করার জন্যই আমরা দিচ্ছি উন্নত মানের কদুর তেল। মাথা হবে ঠান্ডা, চুল হবে মসৃণ!
চাকরি পাওয়ার
সহজ উপায়
মি. বেকার
আর ব্যর্থতা নয়, আর নয় বেকারত্বের গ্লানি!
মি. বেকারের চাকরি পাওয়ার সহজ উপায় বইটি পড়ুন,
হতাশা ভুলে এবার এগিয়ে যান সামনে!
বইটি কিনলেই উপহার হিসেবে পাচ্ছেন একটি সুদৃশ্য টাই।
ব্যাখ্যা
অভিজ্ঞ গবেষক মি. বেকারের এই বইটি পড়লে আপনি নিশ্চিত চাকরি পাবেন। আর চাকরির ক্ষেত্রে টাই না হলেই নয়। তাই আপনার ভবিষ্যৎ সাফল্য কামনায় আমাদের এই যুগান্তকারী উপহার!