বকুলতলার বনলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তায় মানুষের ঢল নেমেছে। হাজারো রকমের মানুষ হাঁটছে। নানান রকম বাদ্যবাজনার শব্দ চারদিকে। আমি হাঁটছি আর ছবি তুলছি। সেদিন পয়লা বৈশাখ।  ছবি তুলে ক্লান্ত হয়ে শেষে বকুলতলায় গিয়ে বসে পড়লাম। বকুলতলা আমার পছন্দের একটি জায়গা। প্রায়ই আসি। অন্যভাবে অন্য রকম লাগছে। বিভিন্ন রকমের মানুষ, বিভিন্ন রকমের আনন্দের ছাপ তাদের মুখে। আমি পা তুলে বসে আছি, আমার আশপাশে অনেকেই গোল জায়গাটা জুড়ে বসে আছে। ক্যামেরাটা তুলে জুম লেন্স টেনে যত দূর সম্ভব ছবি তুলছি। হঠাৎ ক্যামেরার ফ্রেমে একটি মুখ দেখে অবাক হয়ে যাই। মেয়েটি আমার দিকে হেঁটে আসছে। সঙ্গে তার বান্ধবী। ভয় পেয়ে গেলাম। না বলে তার ছবি তুলেছি, না-জানি কী বলে। মাথা নিচু করে আবার তাকাই। মেয়েটি কাছাকাছি এসে একটু দূরে পা তুলে বসল। আরেকবার চোখাচোখি হতেই আমার বুক ধক করে উঠল। উজ্জ্বল শ্যামলা গায়ের রং।  ঘন কালো রেশমি চুল দুপাশ দিয়ে ছড়ানো। কানে লম্বা কাজ করা মাটির দুল। নাকের গড়ন ঠিক ততখানি সুন্দর, যতখানি হওয়া উচিত। তাতে মার্জিত নাকফুল। মায়াবী চোখে কাজল যেন মাদকতা ছড়াচ্ছে। ঘিয়ে রঙের লাল পাড়ের শাড়ি আর লাল ব্লাউজ। হাতে লাল-সাদা চুড়ি আর কপালে লাল টিপ। খুব সাধারণ সাজে অসাধারণ রূপময়তার সংমিশ্রণ। যখন সে হাসল আমি চুরমার হয়ে গেলাম। আমি কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। সংবিৎ ফিরতেই আবার তার ছবি তুলতে শুরু করলাম, লুকিয়ে। মেয়েটি কথা বলছে আর হাসছে, আমি অবাক নয়নে তাকিয়ে আছি। দেখতে দেখতে অনেকক্ষণ হয়ে গেল বুঝতে পারিনি, গোধূলিবেলায় মেয়েটিকে আরও মায়াবী লাগছে। নাম জানতে ইচ্ছে করছে। এ রকম একজন মানুষের চোখের দিকে তাকিয়ে হাজার বছর বাঁচতে ইচ্ছে করে। ভাবতেই ভাবতেই কোন ফাঁকে বকুলতলার বনলতা উঠে চলে গেল। আমি বিমূঢ় হয়ে বসে রইলাম। নিজেকে খুব একা আর অসহায় মনে হলো। সে জনারণ্যে হারিয়ে গেল। আমি শুধু তাকিয়ে রইলাম। মেয়েটির সঙ্গে কত কথা বলার ছিল। ওই দিনের পর থেকে প্রতিদিন মেয়েটির ছবি দেখি আর ভাবি, কী ভুলই না করেছি। আমি এখনো অপেক্ষা করি প্রতিদিন বকুলতলায়, বকুলতলার বনলতা আসবে বলে।

kobialhasan@gmail,com