বকুলপুরের কাদা-ছোড়াছুড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বকুলপুরে দুইটা পক্ষ। এক পক্ষ অন্য পক্ষকে দেখতে পারে না। তাদের মুখ দেখাদেখিও বন্ধ। এক পক্ষ যদি অন্য পক্ষের সামনে পড়ে যায় তাহলে তাদের জন্য যেন দিনটাই মাটি! আর তারপরই শুরু হয় পরস্পরকে দোষারোপ। সে দোষারোপ শুনতে শুনতে বকুলপুরের সাধারণ মানুষের কান ঝালাপালা। কিন্তু দুই পক্ষের কোনো থামাথামি নেই। তাদের সকাল শুরু হয় ঝগড়া দিয়ে, দিন শেষও হয় ঝগড়া দিয়ে।
বকুলপুরে একবার খুব ঝড় হলো। ঝড়ে গাছ উড়ে গেল, ঘরের চাল উড়ে গেল, এমনকি দু-একটা মানুষও উড়ে গেল। ঝড় থামল, কিন্তু শুরু হলো দুই পক্ষের কাদা-ছোড়াছুড়ি ঝড়।
প্রথম পক্ষ বলল, ‘এই ঝড় হয়েছে ওদের জন্য! ওরাই ঝড়টাকে ইনভাইট করে এনেছে! ইনভাইটেশন লেটারের ফটোকপি আমাদের কাছে আছে!’
দ্বিতীয় পক্ষ খুব খেপল এটা শুনে। বলল, ‘ঝড়ের মতো বাজে জিনিসের সঙ্গে আমাদের নয় বরং ওই পক্ষেরই দোস্তি আছে! আমরা চাইলেই স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিতে পারব। ঝড়ের সঙ্গে ওই পক্ষের ৩৮৮টা মিউচুয়াল ফ্রেন্ড আছে ফেসবুকে!’
বকুলপুরের সাধারণ মানুষ দীর্ঘশ্বাস ফেলে নিজেদের ঘর বাঁধতে শুরু করল। মনে মনে ভাবল, ঝড় ফিরে এলেও আসুক, এই দুই পক্ষের ঝড় যেন ফিরে না আসে!
কিছুদিনের মধ্যেই বকুলপুরে খুব ভালো আঙুরের ফলন হলো। যাকে বলে একেবারে বাম্পার ফলন। বকুলপুরে খুশির আমেজ। ঘরে ঘরে উৎসব। তখন দ্বিতীয় পক্ষ বলল, ‘এই আঙুর আসলে ফলেছে আমাদের কারণেই। কারণ, আঙুর কীভাবে ফলাতে হয় এটার ওপর আমাদের ট্রেনিং আছে।’
অন্য পক্ষ বলল, ‘ওরা ফলিয়েছে বলেই আঙুর এত ছোট ছোট। আমরা যদি ফলাতাম তাহলে আমাদের আঙুর হতো তরমুজের মতো। মানুষ তাহলে আর থোকায় থোকায় আঙুর কিনে খেত না। আঙুর কিনত একটা; তা কেটেই বাড়ির সবাই মিলেমিশে খেত।’
ব্যস, প্রথম পক্ষের সঙ্গে দ্বিতীয় পক্ষের লেগে গেল ধুন্ধুমার ঝগড়া! আঙুর নিয়ে শুরু হয়ে গেল সত্যিকারের কাদা-ছোড়াছুড়ি। ট্রাক–ট্রাক আঙুরে লাখ লাখ কাদা। সুন্দর সুন্দর আঙুরগুলো নিমেষেই কালো জামের মতো দেখাতে লাগল।
বকুলপুরের মানুষ আবারও দীর্ঘশ্বাস ফেলল। তাদের আনন্দের ফল এভাবেই বুঝি নষ্ট হয়ে গেল!
এর কিছুদিনের মধ্যেই বকুলপুরে দেখা দিল সাপের উৎপাত। আনাচকানাচে বিপজ্জনক সাপ। বকুলপুরের সাধারণ মানুষ আতঙ্কিত। তখন এক পক্ষ বলল, ‘এই সাপ বকুলপুরের নয়। এই সাপ ওই পক্ষই বকুলপুরে নিয়ে এসেছে।’
অন্য পক্ষ বলল, ‘এই সাপ আসলে ওরা নিজেরাই ছেড়ে দিয়েছে। ওরাই দুধ-কলা দিয়ে পুষছে।’
এভাবেই শুরু হলো সাপ নিয়ে দুই পক্ষের মধ্যে কাদা-ছোড়াছুড়ি। প্রথম পক্ষ সাপ নিয়ে একটা কিছু বলে আর ছুড়ে মারে এক তাল কাদা। দ্বিতীয় পক্ষ এবার আরও মেজাজ হারায়। তারাও সাপ সম্পর্কে আরেকটা তথ্য দিয়ে আরেক তাল কাদা ছুড়ে মারে। দুই পক্ষের এই কাণ্ডকীর্তিতে কাদা জমতে থাকে সাপের ওপর। কাদায় মাখামাখি হয়ে দেখতে দেখতে চোখের সামনে সাপটা অন্য রূপ ধারণ করে! দেখতে অনেকটা দড়ির মতো হয়ে যায়। এভাবেই সাপ ঢাকা পড়ে যায় কাদায়।
সব দেখে বকুলপুরের সাধারণ মানুষ দুই পক্ষের ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলে। তবে তারা আতঙ্কের মধ্যে দিন কাটায়। কারণ, তারা জানে কাদা-ছোড়াছুড়িতে ঢাকা পড়ে গেলেও দড়ি আসলে দড়ি নয়, বিষধর সাপ!