
—মাগো, মেয়েদের কি আর কোনো খেলা নেই?
—ঘরের মেয়েকে কিলঘুষি লাথালাথি এসব খেলা মানায়?
হ্যাঁ, এমনতর সব কথাই তাঁকে শুনতে হতো শুরুতে। এত সব কানাঘুষা, সমালোচনা সবকিছু পেছনে ফেলে এগিয়ে গেছেন রুকসানা। অদম্য ইচ্ছাশক্তি ও একাগ্রতা তাঁকে পৌঁছে দিয়েছে সাফল্যের চূড়ায়। রুকসানা বেগম এখন বিশ্বের এক সফল ক্রীড়াবিদের নাম। বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণীই গেল তিন বছর নিজের দখলে রেখেছেন ব্রিটিশ মুয়ে থাই চ্যাম্পিয়নের সম্মান। মুয়ে থাইয়ের বিশ্ব আসরেও রুকসানা বরাবরই আছেন সামনের সারিতে।
মুয়ে থাই প্রায় কিক বক্সিংয়ের মতোই উচ্চমাত্রার শারীরিক কসরতনির্ভর একটি খেলা। এমনতর খেলায় চ্যাম্পিয়ন কি না, আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত একজন? বিস্ময়কর তো বটেই। এই বিস্ময়কর সাফল্যলাভের পথটা অবশ্য মোটেও কণ্টকমুক্ত ছিল না। রুকসানা বলছিলেন, ‘আমার মা-বাবা সিলেটের মানুষ। পূর্ব লন্ডনে আর পাঁচ-সাতজন বাঙালি ছেলেমেয়ের মতোই আমার বেড়ে ওঠা। খুব যে দস্যি প্রকৃতির ছিলাম তা-ও নয়। আমি তখন সতেরো কি আঠারো; স্কুল থেকে ফেরাপথে মনে হলো পড়াশোনার বাকি সময়টায় কী করে কাজে লাগাই। শখের খেলা ও আত্মরক্ষা দুটিই হবে এই ভাবনা থেকেই কিক বক্সিংয়ের চিন্তা মাথায় আসে।’
লন্ডনের বেথনাল গ্রিন এলাকার একটি ব্যায়ামাগারে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন, খ্যাতনামা প্রশিক্ষক বিল জাডের কাছে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী মুয়ে থাই শেখার সুযোগ পান রুকসানা। রুকসানার মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাটা খুঁজে পেতে খুব বেশি দেরি হয়নি গুরু বিল জাডের। শখের খেলা থেকে রুকসানাও আস্তে-ধীরে মুয়ে থাইয়ের প্রেমে পড়ে যান। না হলে ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য নিয়ে পড়াশোনা করা তরুণী কেনইবা এই ব্যতিক্রমী খেলাকে ধ্যান-জ্ঞান করবেন?
এমন আক্রমণাত্মক একটা খেলা। রুকসানার ভয় কি ছিল না একটুও?
‘আমার ভাগ্য ভালো, শুরুর দিকে হাড়গোড় ভাঙা কিংবা নাক বোঁচা হওয়ার কবলে পড়তে হয়নি।’
২০০৬ সালে পড়াশোনার পাট চুকিয়ে রুকসানা চাকরি নেন একটি নির্মাণপ্রতিষ্ঠানে। কিন্তু সেই একঘেয়ে কাজ ভালো লাগেনি তাঁর। তাই বছর ঘুরতেই চাকরিতে ইস্তফা।
রুকসানার প্রথম সাফল্য আসে ২০০৯ সালে। ব্রিটেন জাতীয় দলের হয়ে ব্যাংককে অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যামেচার কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান অর্জন করে আলোচনায় আসেন রুকসানা। সেই থেকে স্বপ্নের পথচলা শুরু; বাড়তে থাকে তাঁর ওপর দেশ ও দশের প্রত্যাশা। ২০১১ সালে রুকসানা লাটভিয়ায় আয়োজিত ইউরোপিয়ান ক্লাব কাপে সোনা জেতেন। ২০১২ সালের সেপ্টেম্বর মাসে রাশিয়ায় অনুষ্ঠিত আইএফএমএ (ইন্টারন্যাশনাল ফেডারেশন অব মুয়ে থাই অ্যামেচার) চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন রুকসানা। একই বছর তিনি পান মুসলিম ওম্যান ইন স্পোর্ট ফাউন্ডেশন অ্যাওয়ার্ড। পরের বছর রুকসানা নির্বাচিত হন ‘এশিয়ান অ্যাচিভার স্পোর্টস পার্সোনালিটি অব দ্য ইয়ার’।
লন্ডন অলিম্পিকের মশাল হাতেও ছুটেছেন তিনি। ফাইট ফর পিস দাতব্য প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন রুকসানা। জড়িয়ে আছেন আরও নানা সামাজিক কাজের সঙ্গে। তবে তাঁর চোখ এখন ২০১৬ সালের ব্রাজিল অলিম্পিকের দিকে। রুকসানা বলছিলেন, নিজেকে সে পর্যন্ত তৈরি রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ মোকাবিলায় মেয়ে আর একা নয় এখন। মেয়ের ওপর পূর্ণ আস্থা মা মিনারা বেগম আর বাবা আওলাদ আলীর।