বক্সিং গ্লাভস বলবে ঘুষির জোর কত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্মার্ট গ্লাভস জানাবে ঘুষির মাত্রা কেমন
স্মার্ট গ্লাভস জানাবে ঘুষির মাত্রা কেমন

মুষ্টিযুদ্ধ খেলায় বিপক্ষ খেলোয়াড়কে দেওয়া ঘুষির মাত্রা কেমন হবে সেটি এবার জানা যাবে স্মার্ট বক্সিং গ্লাভস থেকেই। ‘আইপাঞ্চ’ নামের বিশেষ এ গ্লাভস ব্যবহার করলেই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। ইন্ডিয়েগোগো নামের একটি প্রতিষ্ঠানের তৈরি এ গ্লাভসগুলোকে বলা হচ্ছে বিশ্বের প্রথম স্মার্ট গ্লাভস। এটি তারহীন ব্লুটুথের মাধ্যমে যুক্ত থাকবে স্মার্টফোনের সঙ্গে। আর জানাবে অনুশীলনের সময় যে ধরনের ঘুষি মারা হয় সেগুলোর মাত্রা কেমন। মূল বক্সিং প্রতিযোগিতার আগেই যাতে এ গ্লাভস ব্যবহার করে ঘুষির মাত্রা জানা যায় সে জন্যই এমন স্মার্ট গ্লাভস তৈরি করা হয়েছে বলে জানা গেছে।
দুই সাবেক মুষ্টিযোদ্ধা স্টিফেন কাইনস এবং মুয়ে থাইয়ের মাথায় প্রথম এ ধরনের স্মার্ট গ্লাভস তৈরির চিন্তা আসে। কাইনস জানান, ‘আমি মুষ্টিযুদ্ধ ছেড়ে দিয়েও দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ কার্যক্রমে যুক্ত আছি। কিন্তু দীর্ঘদিন কাজ করেও প্রশিক্ষণার্থীদের মধ্যে তেমন উন্নতি দেখা যায় না। অনুশীলনে এটা বোঝা মুশকিল শক্তিশালী ঘুষির মাত্রা কেমন হয়। এ জন্য প্রয়োজন সঠিক তথ্য জানা। আর এমন চিন্তা থেকেই স্মার্ট গ্লাভস তৈরির বিষয়টি মাথায় আসে।’
অনুশীলনের সময় তাৎক্ষণিকভাবে যখন তথ্যগুলো জানা যাবে তখন সত্যিকার অর্থেই অগ্রগতি হচ্ছে কি না সেটি জানা যাবে বলে মনে করছেন প্রশিক্ষকেরা। এ গ্লাভস একবারে চার্জে কাজ করবে টানা ১৫ ঘণ্টা। ইউএসবি পোর্টের সাহায্যেও চার্জ করা যাবে এটি। স্মার্ট গ্লাভসের দাম ১৪৯ ডলার।