বগা থেকে বাকতলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের পথে পথে সুন্দর প্রকৃতি, জুড়িয়ে যাবে চোখ। ছবি: লেখক
বান্দরবানের পথে পথে সুন্দর প্রকৃতি, জুড়িয়ে যাবে চোখ। ছবি: লেখক

যার কাছে পৌঁছনোর পথ যত দুর্গম, সে নাকি ততই আকর্ষণীয়। কথাটার প্রমাণ পেয়েছি এবারের বান্দরবান যাত্রায়। বাকতলাই ঝরনা এমনই মুগ্ধ করেছিল আমাদের। প্রায় সাড়ে তিন শ ফুট উঁচু থেকে নেমে আসে এর পানি। এ কথা শুনেই মন টানছিল দেখে আসার। জানলাম, পথে পড়বে বগা লেক, কেওক্রাডং আর জাদিপাই ঝরনা। আর লোভ দেখানোর প্রয়োজন আছে! ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়তে তর সইছিল না আর।
এবার বর্ষায় ঘুরে এলাম আমরা, তবে এখনো পানি আছে এই ঝরনায়। নভেম্বর মাসজুড়ে যেকোনো সময় ঘুরে আসতে পারেন।
থিম পার্কে না গিয়েও রোলার কোস্টারের মজা পেতে চাইলে উঠে পড়ুন বান্দরবানের চান্দের গাড়িতে। বান্দরবান শহর থকে রুমা বাজার পর্যন্ত পথটা কাটল এভাবেই। সেখান থেকে গাইড নিয়ে বগা লেক যাত্রা। আমরা যখন গিয়েছিলাম, তখন বৃষ্টিতে গাড়ির রাস্তা বন্ধ ছিল। এখন গাড়ি পাবেন। ঘণ্টা দুয়েক হেঁটে আমরা পৌঁছেছিলাম বগা লেকে। থাকার জন্য এখানে কাঠের রেস্ট হাউস বানানো আছে। তবে শহুরে আমাদের জন্য আমিষের অভাবটা একটু কষ্টকরই, শুধু মুরগি আছে আমিষের তালিকায়। ইচ্ছেমতন লেকে লাফঝাঁপ দিয়ে ক্লান্তি আর অন্য সব কষ্ট তো দূর হলো। তারাভরা আকাশের নিচে রাতটাও চমত্কার কাটল।
পরদিন জাদিপাই যাত্রা। পথে পড়বে কেওক্রাডং পাহাড়। দেখি তার ভাঁজে ভাঁজে আটকে আছে ঘন মেঘ, ঠান্ডা বাতাস, সবুজের নানা ছায়ায় সাজানো চারপাশ। পাখির ডাক কানে আসছে, নাম জানি না কোনোটারই।

কেওক্রাডংয়ের প্রাকৃতিক সৌন্দর্যে মানুষের হাতও পড়েছে দেখলাম। চূড়ায় আর আশপাশের পাহাড়ের গাছগুলো একটু কেটেছেঁটে ফেলা হয়েছে। দুপাশে আছে দুটি হেলিপ্যাড। বিশ্রাম নেওয়ার জন্য আছে চাউনি, একটু নামলে রেস্ট হাউস।

এবার আমাদের নামার পালা। পাসিংপাড়া হয়ে জাদিপাইপাড়ায় যাব। নামার পথে কষ্ট কম, কিন্তু ঝুঁকি বেশি। পিছলে গড়িয়ে পড়ার ভয় আছে। আর জোঁকের কামড় তো আমলেই নিচ্ছিলাম না। প্রায় দুই ঘণ্টা পর দেখা মিলল ঝরনার।

থাক থাক সিঁড়ির মতো ঝরনার গা বেয়ে নেমে আসছে সাদা পানি। তার ধারায় দাঁড়িয়ে ধুয়ে ফেললাম পথের ক্লান্তি। এবার পাসিংপাড়ায় ফিরে আসা। রাতটা সেখানেই কাটবে।

সকালে ঘুম ভেঙে চোখ কচলেও দৃশ্যটা ঠিক বিশ্বাস করতে পারছিলাম না। মেঘের ভেতর ঢুকে পড়লাম কীভাবে! অত কাব্যময় বর্ণনা মাথায় এল না, তখন খালি ভাবছিলাম এক গামলা সাদা ফেনা কেউ ঢেলে দিয়েছে মাথার ওপর। একটু আয়েশের পর রওনা হলাম বাকতলাইয়ের দিকে। হাঁটতে হবে সারা দিন। হেঁটে হেঁটেই ঢুকে পড়লাম মেঘের মাঝে। একটু পরই শুরু হলো বৃষ্টি, দূরে আবার রোদ। কাদামাখা, উঁচু-নিচু পাথরের রাস্তা পেরিয়ে বিকেলের দিকে পোঁছলাম বাকতলাইপাড়ায়। ছবির মতো সুন্দর কথাটা এই গ্রামের বেলাতেই খাটে।

বাকতলাই ঝরনা
বাকতলাই ঝরনা


থাকার জায়গা হলো স্থানীয় একজনের ঘরে। রান্নাটা নিজেদেরই করতে হবে। ইশ! আগে বুঝলে মায়ের কাছ থেকে একটা ঝটিকা প্রশিক্ষণ নিয়েই আসতাম।
সকালে বাকতলাই ঝরনার পথে যাত্রা। আগেই শুনেছি, এই পথ বেশ দুর্গম। এবার নতুন গাইড আমাদের সঙ্গী। জঙ্গল কোনোমতে সাফ করে একটু চিকন পথ, অন্যপাশে খাড়া খাদ নেমে গেছে। আছাড় যে কতবার খেলাম, তা গুনতে পারিনি। আরও আছে শরীরে ধারালো পাতার খোঁচা। পাহাড়ি পোকাগুলোও যেন নেমেছে আমাদের বিরুদ্ধে লড়াইয়ে। সবাই মিলে ঠেকাবে অনাহূতদের। ওপরে ওঠার সময় গাছ ধরতে গেলেই খেতে হচ্ছে কাঁটার খোঁচা। প্রায় সাড়ে তিন ঘণ্টার পথ এভাবেই পাড়ি দিলাম। ঝরনার সামনে দাঁড়িয়ে মুখে কথা আর ফুটল না। সে দৃশ্যের বর্ণনা দেওয়া আমার সাধ্য নেই। বরং ছবিতেই তাকে বন্দী রাখতে মন দিলাম। পাথর আর পানির স্রোতে খুব কাছে যেতে পারিনি। তবে সেটুকুতেই মন ভরেছে। এবার ফেরা।

কীভাবে যাবেন

ঢাকা থেকে বান্দরবান গিয়ে সেখান থেকে চান্দের গাড়ি অথবা লোকাল বাসে রুমাবাজার। রুমাবাজার থেকে গাইড নিতে হবে। গাইড ভাড়া ১০০০ থেকে শুরু, রুমাবাজার থেকে খাবারের চাল, ডাল নিয়ে নিলে ভালো, কারণ কেওক্রাডংয়ের পর নিজেদের খাবার নিজেদের আয়োজন করতে হয়। রুমাবাজার থেকে বগা লেক। এখানে ঘরভাড়া জনপ্রতি ২০০ টাকার মতো। বগা লেক থেকে কেওক্রাডং, সেখান থেকে জাদিপাই ঝরনা, রাতে জাদিপাইপাড়া অথবা পাসিংপাড়ায় থাকতে হবে। এখানে খরচ প্রতিজনে ১০০ টাকার মতো। সেখান থেকে বাকতলাইপাড়া। এখানেও ১০০ টাকার মধ্যেই হয়ে যাবে। ফেরার সময় বাকতলাইপাড়া থেকে থানচি। তারপর বাসে অথবা চান্দের গাড়িতে বান্দরবান শহর।