বগুড়ায় প্রথম আলো জবসের আউটসোর্সিং কর্মশালা
বগুড়ায় প্রথম আলো জবসের (www.prothom-alojobs.com) আয়োজনে গতকাল শনিবার শেষ হয়েছে দুদিনের ফ্রিল্যান্স আউটসোর্সিং কর্মশালা। প্রথম আলোর বগুড়া কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালার শুরু হয় শুক্রবার। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বগুড়া অফিস ব্যবস্থাপক শরিফুল ইসলাম। প্রথম আলোর নানা কর্মকাণ্ড তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য দেন বগুড়া প্রতিনিধি মো. আনোয়ার পারভেজ।
কর্মশালায় পেশা হিসেবে ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের সম্ভাবনা, কাজের পরিধি, ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে উপার্জনের কৌশল, আউটসোর্সিং কাজের জন্য বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটের সঙ্গে পরিচিতি, এসব প্রতিষ্ঠানের কাজের ধরন, দলগতভাবে আউটসোর্সিং কাজের কৌশল, আউটসোর্সিংয়ের মাধ্যমে উপার্জিত অর্থ উত্তোলন ও প্রতারণার ঝুঁকি এড়ানোর সহজ উপায়সহ নানা বিষয়ের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষক ছিলেন ফ্রিল্যান্সার শাহেদ হাসান। কর্মশালার প্রথম ব্যাচে ৩৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
—বগুড়া অফিস