বগুড়ার গৌরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আজিজুল হক কলেজ নির্মাণ করে চলেছে এই শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যত্। ছবি: সোয়েল রানা
বগুড়ার আজিজুল হক কলেজ নির্মাণ করে চলেছে এই শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যত্। ছবি: সোয়েল রানা

আড়মোড়া ভেঙে জেগে উঠছে সকালের সরকারি আজিজুল হক কলেজ—সকাল নয়টা। দুপুরের শান্ত রোদে কলেজ প্রাঙ্গণে নীরবতার ছাপ—বেলা আড়াইটা। বিকেলের রঙিন ক্যাম্পাস—বিকেল পাঁচটা।যাঁরা প্রতিদিন এই সময়গুলোর সাক্ষী হয়ে আছেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের ক্যাম্পাসের, তাঁদের মধ্যকার একটি দলে আছেন সোহেল সরকার, অতুল চন্দ্র বর্মণ, তারিকুল ইসলাম, স্নিগ্ধা প্রামাণিক, লুনা আকতার। সবাই পড়াশোনা করছেন হিসাববিজ্ঞান বিভাগে। চতুর্থ বর্ষের এসব শিক্ষার্থী এখন ব্যস্ত শেষ বর্ষের পরীক্ষার জোরপ্রস্তুতি নিয়ে। তাহলে কি ক্যাম্পাসের সেই রঙিন সময়গুলো শেষ হয়ে আসছে? না, এমনটা মানতে নারাজ তাঁরা। ‘রঙিন সময় কি এত দ্রুত শেষ হতে দেয় যায়? সারা দিনের সময় থেকে একটুখানি সময় তো থাকেই সবার জন্য, সময়টাকে ধরে রাখার জন্য।’ বলেন লুনা । আর এর পক্ষে সহজ যুক্তি আছে তারিকুলের। বলেন, ‘এখনো তো রোজ দুবার চক্কর দেওয়া হয় ক্যাম্পাস। শুধু ঘোরাফেরা কিংবা আড্ডার জন্য নয়, বন্ধুদের অনেকে বিভিন্ন মেসে থাকে, তাদের সঙ্গে দেখা করতে কিংবা পাঠ্যের কোনো বিষয় বুঝতে না পারলে শিক্ষকের কাছ থেকে সাহায্য নিতে।’ যে কেউ ক্যাম্পাসে এলেই খুদেবার্তা পৌঁছে যায় সবার কাছে, জানান অতুল চন্দ্র। ক্যাম্পাসের পাশে থাকেন বলে দায় এড়ানোর সুযোগ থাকে না স্নিগ্ধার। অনেকটা অনুযোগের সুর তাঁর কণ্ঠে—‘সবাই এসেই শুরু করবে, “এই ক্যাম্পাসের প্রতিবেশী, এখনো আসিস নাই!” কবে গতি বাড়বে তোর?’ ‘তবে ক্যাম্পাসপ্রেমে সবার চেয়ে এগিয়ে আছে সোহেল। কখনো বটতলা, কখনো আমতলা, শহীদ মিনার, মিলনায়তনের সামনে—সবখানেই সরব উপস্থিতি, যেন ক্যাম্পাসের সঙ্গে গভীর প্রণয় তার!’ যুক্ত করলেন অতুল। সঙ্গে সঙ্গে উত্তর আসে সোহেলের কাছ থেকে। ‘একেবারে অকাজের কাজি না আমি। স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধনের হয়ে কাজ করি। এ ছাড়া “ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের” পাঠচক্রে আসি। তাই আনাগোনাটা একটু বেশি।’

কথায় কথায় আরও জানা গেল এই আড্ডাবাজদের আড্ডার সূচনা হয়েছিল গ্রুপ স্টাডি আর নোট নেওয়া-দেওয়ার মাধ্যমে। ‘হিসাববিজ্ঞানে অঙ্ক করতে হয় বেশি। আর যে কেউ অঙ্কে আটকে গেলে এই গ্রুপের কাউকে ফোন করে সলভ করে নিত, নয়তো দেখা করে। এর মাধ্যমে সখ্য গড়ে ওঠে।’ বলেন তারিকুল। তারিকুলের সঙ্গে তখন সবাই ভেসে যাচ্ছেন পুরোনো দিনগুলোয়। অতুলের কণ্ঠে আক্ষেপ, ‘ইশ্! ক্যাম্পাসের প্রথম দিককার সময়গুলো যা ছিল! সকাল থেকে সন্ধ্যা অবধি ক্যাম্পাসে।...’ গল্প চলছে। মাঝেমধ্যেই অনেকের চোখ চলে যায় ঘড়ির কাঁটার দিকে। সময়ের সঙ্গে বিকেলটাও ভারী হয়ে আসছে, গাঢ় হচ্ছে ক্যাম্পাসের শহীদ মিনারের সবুজ। যেন টুপ করে সন্ধ্যা নেমে আসবে। তাই গন্তব্যে ফেরার পালা এবার।