বগুড়ায় তথ্যপ্রযুক্তি কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে সরকারি ব্যবস্থাপনায় বগুড়ায় শুরু হয়েছে শিক্ষকদের নিয়ে তথ্যপ্রযুক্তিবিষয়ক তিন সপ্তাহব্যাপী আইসিটি প্রশিক্ষণ কর্মশালা। ‘আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন কর্মসূচি’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বগুড়ার জেলা প্রশাসন। গতকাল বুধবার বগুড়া সরকারি আজিজুল হক কলেজের আইসিটি ইনস্টিটিউট মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে বগুড়ার জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ বলেন, প্রতিযোগিতার বিশ্বে টিকে থাকতে হলে দেশকে তথ্যপ্রযুক্তিতে এগিয়ে নেওয়ার কোনো বিকল্প নেই। বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্যই আগামী প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে আরও দক্ষ করে গড়ে তুলতে হবে। এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) এস এম ফেরদৌস আলম, সরকারি আজিজুল হক কলেজের আইসিটি ইনস্টিটিউটের পরিচালক মো. আবু তৈয়ব, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহকারী প্রোগ্রামার ফয়সাল করিমসহ অনেকে। —আনোয়ার পারভেজ, বগুড়া