বগুড়ায় ফ্রিল্যান্সার-উদ্যোক্তাদের মিলনমেলা

আউটসোর্সিংয়ে আগ্রহী তরুণেরা ছাড়াও ফ্রিল্যান্সার, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা, শিক্ষার্থী ও নানা পেশাজীবীদের নিয়ে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ মেলা। আজ রোববার বগুড়া জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ মেলাকে ঘিরে ছিল মানুষের নানা উৎসাহ।
নিজ নিজ প্রতিষ্ঠানের তথ্য প্রযুক্তির নানা সাফল্য তুলে ধরতে মেলায় এসেছিলেন সরকারি-বেসরকারি ৩১টি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা। এসেছিলেন আমন্ত্রিত অতিথিরাও। উদ্বোধনী অনুষ্ঠানের পর দিনভর চলেছে আউটসোর্সিং এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক সভা-সেমিনার। দক্ষ ফ্রিল্যান্সারেরা একে একে মঞ্চে এসে শুনিয়েছেন তাঁদের সাফল্যের কাহিনি। বলেছেন, আউটসোর্সিং পেশায় জীবনকে বদলে দেওয়ার গল্প। তুলে ধরেছেন ফ্রিল্যান্সিং করার আগে ফেলা আসা জীবনের নানা কষ্ট-সংগ্রামের গল্প।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এই মেলার উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন।
বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুফিয়া নাজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দ এবং সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান বক্তব্য দেন।