বগুড়ায় সেমিনারে টেলিযোগাযোগ আইন সংশোধনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় অনুষ্ঠিত তথ্যবিষয়ক এক সেমিনারে বক্তারা বিদ্যমান টেলিযোগাযোগ আইনের সমালোচনা করে এটি সংশোধনের দাবি জানিয়েছেন। তাঁরা বলেন, বিদ্যমান টেলিযোগাযোগ আইনের কারণে ব্যক্তিগত তথ্য গোপনীয়তা হরণ এবং স্বাধীনভাবে মত প্রকাশ ও ব্যক্তিগত যোগাযোগ বাধাগ্রস্ত হচ্ছে। এ জন্য  সংবিধান, মানবাধিকার সনদ এবং তথ্য অধিকার আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে টেলিযোগাযোগ আইন প্রণয়ন করা দরকার। গতকাল রোববার বগুড়া পৌর মিলনায়তনে ‘মত প্রকাশের স্বাধীনতা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।

বগুড়া পৌরসভার নারী কাউন্সিলর হাবিবা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তৃতা করেন জেলা তথ্য কর্মকর্তা  মঞ্জুর-ই-মওলা, বেসরকারি সংস্থা পেভের প্রধান নির্বাহী কে জি এম ফারুক, ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য,আদিবাসী গবেষণা পর্ষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, বগুড়া আদালতের এপিপি ফখরুল আহসান, সাংবাদিক আতাউর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার সাধারণ সম্পাদক এ বি এম জিয়াউল হক, আদিবাসী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত রবিদাস, শিক্ষার্থী আকতার নাহার ও মৌসুমি আকতার প্রমুখ।

সেমিনারে বক্তারা টেলিযোগাযোগ আইনের কারণে সরকারের বিভিন্ন সংস্থা অনলাইনে ব্যাপকহারে নজরদারি করছে বলে মন্তব্য করেন। তাঁরা বলেন, এতে ব্যক্তির অগোচরে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ফাঁস হচ্ছে। এই আইনে সরকারের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সীমাহীন ক্ষমতা রাখা হলেও তাদের জবাবদিহির বিষয়ে সুস্পষ্ট কোনো উল্লেখ নেই। ফলে ব্যক্তিগত পর্যায়ে হয়রানি বেড়েছে।

সেমিনারে বলা হয় ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড, অসামাজিক, অনৈতিক-দেশীয় সংস্কৃতির পরিপন্থী কার্যকলাপ, পর্নোগ্রাফির বিস্তার বন্ধে সরকারের নিয়ন্ত্রণ অবশ্যই থাকা দরকার। তবে শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান, পড়াশোনার কাজে শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারে নজরদারি বন্ধ করতে হবে। ইন্টারনেটকে সর্বজনীনভাবে ছড়িয়ে দিতে প্রতিবন্ধীসহ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সুলভে ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দিতে হবে।