বঙ্গবন্ধুকে নিয়ে মাল্টিমিডিয়া সফটওয়্যার

‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ নামে একটি মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরি করেছে গাজীপুরের মো. ইউসুফ আলী ট্রাস্ট পরিচালিত আর্কাইভস ৭১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে ১৭ মার্চ এই সফটও্যারের মোড়ক উন্মোচন করেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য মোহাম্মদ আলাউদ্দিন।
মোড়ক উন্মোচন উপলক্ষে ডুয়েট শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুয়েটের যন্ত্রকৌশল অনুষদের ডিন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, মো. ইউসুফ আলী ট্রাস্টের কার্যনিবাহী পরিচালক তাসলিমা মুজিবসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ মাল্টিমিডিয়া সফটওয়্যারটি বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াবে। অনুষ্ঠানের পর বড় পর্দায় দেখানো হয় সফটওয়্যারটি।
একই দিনে এই মাল্টিমিডিয়া সফটওয়্যার প্রদর্শন করা হয় যশোরের সরকারি সিটি কলেজ ও গাজীপুরের কাজী আজিম উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে।
ডিভিডিতে সফটওয়্যারটি পাওয়া যাচ্ছে। দাম: ২০০ টাকা। বিজ্ঞপ্তি