বছরে ২২ দিন সময় বাঁচায় স্মার্টফোন

একজন স্মার্টফোন ব্যবহারকারী বিভিন্ন সহায়ক প্রোগ্রাম (অ্যাপস) ব্যবহার করে প্রতিদিন ৮৮ মিনিট বাঁচাতে পারেন। এর ফলে বছরের তাঁর সময় বাঁচবে ২২ দিন। যুক্তরাষ্ট্রের হ্যারিস ইন্টারঅ্যাকটিভ নামের একটি বাজার গবেষণা প্রতিষ্ঠান দুই হাজার ১২০ জন স্মার্টফোন ব্যবহারকারী নিয়ে একটি সমীক্ষা করে এ দাবি করেছে।সমীক্ষায় অংশগ্রহণকারী ব্যক্তিদের ৯৭ শতাংশ ন্যূনতম একটি অ্যাপস ব্যবহার করেন। ই-মেইল দেখা, সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার, ওয়েব ব্রাউজিং, আবহাওয়ার খবর জানা, মানচিত্র ও জিপিএস ব্যবহার ইত্যাদি ক্ষেত্রে সবচেয়ে বেশি অ্যাপস ব্যবহার করা হয়। এগুলোর মধ্যে টেক্সট অ্যাপসের ব্যবহার দিনে গড়ে ৫৩ মিনিট সময় বাঁচায়। অপর দিকে, ই-মেইল দেখার অ্যাপসে সময় বাঁচায় গড়ে ৩৫ মিনিট।ই-মেইল অ্যাপস ব্যবহারীদের ২০ শতাংশ জানান, এতে তাঁদের কর্মদক্ষতা বৃদ্ধি পায়। স্মার্টফোন ব্যবহারকারীদের প্রতি পাঁচজনের একজন জানান, ব্যক্তিজীবনের চেয়ে কর্মজীবনে স্মার্টফোনের অ্যাপস বেশি ব্যবহার করেন। আর প্রতি তিনজনের একজন জানান, উভয় ক্ষেত্রে তাঁরা সমানভাবে স্মার্টফোনের অ্যাপস ব্যবহার করেন। পিটিআই।