বছরের মাঝামাঝি সময়ে এসে ২০১০-১১ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক শ্রেণীর কম্পিউটার শিক্ষা বিষয়ের পাঠ্যক্রম (সিলেবাস) পরিবর্তন করা হয়েছে। নতুন এই পাঠ্যক্রম সম্পর্কে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পক্ষ থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রকম নির্দেশনা পাঠানো হয়নি। গত জুলাই মাসের শেষ দিকে হঠাৎ করেই এনসিটিবির ওয়েবসাইটে (www.nctb.gov.bd) কম্পিউটার সিলেবাসে এই পরিবর্তন আনা হয় বলে জানা গেছে। এ প্রসঙ্গে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান পরীক্ষক ও ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের কম্পিউটার শিক্ষা বিভাগের প্রধান নিশাদুল বখতিয়ার প্রথম আলোকে বলেন, ‘এ সম্পর্কে শিক্ষা বোর্ডে কিংবা কোনো কলেজেও কোনো নির্দেশনা পাঠানো হয়নি। এমনকি ওয়েবসাইটে কোনো শিক্ষাবর্ষের কথা লেখা হয়নি। এনসিটিবি কর্তৃপক্ষের সঙ্গে ই-মেইলে যোগাযোগ করলে এটি ২০১০-১১ শিক্ষাবর্ষের জন্য প্রণীত বলে জানানো হয়।’ ওয়েবসাইটের ‘কম্পিউটার সিলেবাসের’ পিডিএফ ফাইলে পাঠ্যক্রমটি কাদের জন্য, কোন সাল থেকে তা কার্যকর হচ্ছে ইত্যাদি কোনো কিছুই লেখা নেই। জানা যায়, আগামী নভেম্বরে উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে পুরোনো পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষার্থীদের পড়াশোনা প্রায় শেষ হয়ে গেছে। তাই তাদের পক্ষে এখন নতুন পাঠ্যক্রম অনুসরণ করা কঠিন হবে। বছরের মাঝামাঝিতে এসে এভাবে পাঠ্যক্রম পরিবর্তনের বিষয়টি কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলে মনে করেন অভিজ্ঞ শিক্ষকদের অনেকেই। বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর প্রথম আলোকে জানান, ২০১১-১২ শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু হয়েছে গত ২ জুলাই। এ অবস্থায় জুলাইয়ের শেষে ২০১০-১১ সালের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য এই নতুন পাঠ্যক্রম চাপিয়ে দেওয়া অযৌক্তিক। জানা গেছে, রমজান ও ঈদের ছুটির পর ৮ সেপ্টেম্বর কলেজ খুলবে। এরপর ১ থেকে ৮ অক্টোবর আবার পূজার ছুটি। কিছুদিন পরে ঈদুল আজহা উপলক্ষে আবারও ছুটি থাকবে। ফলে এসব শিক্ষার্থীর পক্ষে পাঠ্যক্রম শেষ করা সম্ভব হবে না বলেই সবার ধারণা। এনসিটিবির চেয়ারম্যান মো. মোস্তফা কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন. ‘আমরা কম্পিউটার শিক্ষাকে যুগোপযোগী করার লক্ষ্যে এই সিলেবাস প্রণয়ন করেছি। এতে খুব বেশি পরিবর্তন আনা হয়নি। আশা করি শিক্ষার্থীরা এতে উপকৃতই হবেন।’ বিষয়টি শিক্ষা বোর্ড বা সংশ্লিষ্ট কলেজে কেন জানানো হয়নি বা ওয়েবসাইটে কিছু উল্ল্নেখ না থাকার বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানান। —নিজাম সিদ্দিকী