বছরের শেষ দিনে জেএএন অ্যাসোসিয়েটস দিবস
আনুষ্ঠানিকভাবে পালন করা হলো জেএএন অ্যাসোসিয়েটস দিবস। বছরের শেষ দিনে গত ৩১ ডিসেম্বর ক্যানন প্রিন্টার, স্ক্যানার ও ক্যামেরার পরিবেশক জেএএনের ধানমন্ডি কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্যানন পণ্যের ডিলার ও পুনর্বিক্রেতা, করপোরেট গ্রাহকসহ অনেকেই অংশ নেন। ২০১৬ সালে প্রতিষ্ঠানের কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয় এ আয়োজনে।
জেএএন অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপক পরিচালক আবদুল্লাহ এইচ কাফি বলেন, ‘যেকোনো সফল প্রতিষ্ঠানের মূল শক্তি হচ্ছে তার কর্মীরা। আমাদের কর্মীরা দীর্ঘদিন ধরে দক্ষতা এবং নিষ্ঠার সঙ্গে তাঁদের দায়িত্ব পালন করে আসছেন। বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাত খুবই সম্ভাবনাময় একটি খাত। আমাদের তরুণ-তরুণীরা এখন তথ্যপ্রযুক্তি নিয়ে সুন্দর জীবন গড়ে তোলার স্বপ্ন দেখছে।’
অনুষ্ঠানে জেএএন অ্যাসোসিয়েটসের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক আবদুল্লাহ আল সাফি এবং কবির হোসেনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন জেএএন অ্যাসোসিয়েটসের পরিচালক নজরুল ইসলাম চৌধুরী, সুফিয়া আফতাব চৌধুরী, জেসমিন জাহান, ব্যবস্থাপনা ও পরিকল্পনা প্রধান আজিম আবদুল্লাহ কাফিসহ অনেকে।
বিজ্ঞপ্তি